কলম্বো, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কায় বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ক্ষমতাসীন জোট জয়ী হয়েছে।
ভোট গণনা চলার মধ্যেই শুক্রবার সরকারি তথ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে।
ঘোষিত ১৮০ টি আসনের ফলাফলে রাজাপাকসের 'ইউনাইটেড পিপলস ফ্রিডম এলায়েন্স' (ইউপিএফএ) পেয়েছে ১২০টি।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) জয়ী হয়েছে ৪৭ আসনে।
শ্রীলঙ্কার পার্লামেন্টের আসন সংখ্যা ২২৫। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং সরকার গঠনের জন্য ১১৩ টি আসনে জয়ী হতে হয়।
ইউপিএফএ জোটের মুখপাত্র ও শ্রীলঙ্কার পরিবহন মন্ত্রী আলহাপেরুমা বলেছেন, "নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমাদের হয়তো ১২ থেকে ১৩ টি আসন কম হতে পারে। কিন্তু তা আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ নয়।"
তিনি আরো বলেন, "নির্বাচনে জয় নিয়ে আর কোনও প্রশ্ন নেই।"
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ক্যান্ডি জেলার ১২টি আসনের ফলাফল ঘোষণায় দেরী হতে পারে। কারণ একটি এলাকায় সহিংস ঘটনা ঘটায় আবারও ভোট অনুষ্ঠানের আদেশ দেওয়া হয়েছে।
মে মাসে বিচ্ছিন্নতাবাদী তালিম টাইগারদের বিরুদ্ধে জয় অর্জনের পর এই প্রথম বারের মতো বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল।
অবশ্য এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে মাহিন্দা রাজাপাকসে ছয় বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এএইচ/এলকিউ/১৯২৫ ঘ.
bdnews24