কোপেনহেগেন, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেনমার্কের বিয়ার প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানে বিয়ার পানের ওপর বিধিনিষেধ আরোপ করায় কর্মীরা ধর্মঘট করছে।
বিখ্যাত ড্যানিশ বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্লসবার্গের কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত ধর্মঘট পালন করে।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা গত ১ এপ্রিল ঘোষণা দেন, কাজের সময় বিয়ার পান করা যাবে না, কেবল মধ্যাহ্নভোজের বিরতির সময় পান করা যাবে।
এই ঘোষণার প্রতিবাদে প্রতিষ্ঠানের কয়েকশ শ্রমিক কর্মচারী বুধবার ধর্মঘট শুরু করে।
বিয়ার উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে থাকা প্রতিষ্ঠানটির মুখপাত্র জেনস্ বেককে বলেন, প্রতিষ্ঠানের কর্মীরা কাজের সময় বিয়ার পান করতে পারবেন না-এই নিয়ম চালু করায় কর্মীরা ধর্মঘট শুরু করেছে। তিনি বলেন, সব জায়গায়ই বিয়ার, পানি ও কোমল পানীয় বিনামূল্যে দেয়া হতো। কিন্তু বুধবার সব ফ্রিজ থেকে বিয়ার সরিয়ে ফেলা হয়। ভবিষ্যতে কেবল ক্যান্টিনেই মধ্যাহ্নভোজের বিরতির সময় বিয়ার দেওয়া হবে।
জেনস্ বেককে আরও বলেন, কেবল গাড়িচালকরা আগের নিয়ম অনুযায়ী মধ্যাহ্নভোজের বিরতির সময়ের বাইরে প্রতিদিন তিনটি বিয়ার পাবে। এদিকে অন্য কর্মীরাও তাদের মত সমান অধিকারের দাবি তুলেছে।
মুখপাত্রটি জানান, প্রায় ৮শ কর্মী বুধবার ধর্মঘট শুরু করে।
ড্যানিশ ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ইউনিয়ন থ্রি এফ এ বিষয়ে হস্তক্ষেপ করতে সম্মত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/কেএমএস/১২৩৫ঘ.
bdnews24