২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে সম্মেলন ওয়াশিংটনে

পরমাণু অস্ত্রের নিরাপত্তার বিষয় নিয়ে আগামী সপ্তাহে ওয়াশিংটনে নজিরবিহীন এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন বিশ্বের ৪৭ টি দেশের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 01:46 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

জাতিসংঘ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পরমাণু অস্ত্রের নিরাপত্তার বিষয় নিয়ে আগামী সপ্তাহে ওয়াশিংটনে নজিরবিহীন এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন বিশ্বের ৪৭ টি দেশের নেতারা। পরমাণু অস্ত্র যাতে জঙ্গিদের হাতে না পড়ে তা নিশ্চিত করার বিষয়ে নেতারা সম্মেলনে ঐকমত্যে পৌঁছাতে পারবেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আশা প্রকাশ করেছেন। এই শীর্ষ সম্মেলনে একক কোনো দেশের বিষয়ে আলোচনা হবে না। ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি এবং তেহরানের ওপর জাতিসংঘের সম্ভাব্য নতুন অবরোধ আরোপের মতো বিষয়গুলো চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ও অন্যান্য দেশের নেতাদের সঙ্গে ওবামার দ্বিপাক্ষিক বৈঠকে স্থান পেতে পারে। তাইওয়ানে ওয়াশিংটনের অস্ত্র বিক্রি ও অন্যান্য কিছু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটে। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য পররাষ্ট্র নীতি ও নিরাপত্তা নিয়ে পারস্পারিক সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে রাজি ছিল না চীন। এ পরিস্থিতিতে এই শীর্ষ সম্মেলনে হু'র যোগ দেওয়ার সিদ্ধান্তকে ওবামার বড় একটি সাফল্য হিসেবেই দেখছেন পশ্চিমা কূটনীতিকরা। সম্মেলনে যোগদানকারী দেশগুলোর কাছে বিতরণ করা এক খসড়া ইশতেহারে অন্যান্য বিষয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবও যুক্ত করা হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, আগামী ৪ বছরের মধ্যে সব অনিরাপদ পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইশতেহারের বিষয়বস্তু সম্পর্কে রয়টার্সকে এভাবেই বলা হয়েছে। আগামী ১২ থেকে ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এ শীর্ষ সম্মেলনের শেষ দিকে প্রস্তাবটি উত্থাপন করা হবে। তবে তার আগে এর খসড়া সংশোধন করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ও পশ্চিমা কূটনীতিকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়াশিংটনে আয়োজিত সবচেয়ে বড় সম্মেলনগুলোর মধ্যে এটি একটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৯২৭ঘ.