ওয়াশিংটন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের বাগদাদে ২০০৭ সালে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের হামলায় রয়টার্সের দুই কর্মীসহ বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা পুনরায় তদন্ত করবে না মার্কিন কমান্ড।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বুধবার জানায়, এই ঘটনা আবার তদন্ত করার পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই। ফাঁস হয়ে যাওয়া ভিডিও চিত্র দেখে মানবাধিকার সংস্থাগুলো ঘটনা পুনঃতদন্তের আহবান জানিয়েছে।
বেশ কয়েকজন আন্তজার্তিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ ভিডিওটি দেখার পর বলেন, অ্যাপাচি হেলিকপ্টারের ক্রু হয়তো অন্যায় করে থাকতে পারেন।
সোমবার এই বিশেষ ভিডিও প্রকাশ করেছে উইকিলিকস নামের একটি প্রতিষ্ঠান। যাদের কাজ সরকারি ও কর্পোরেট দুর্নীতির নানা খবর ফাঁস করা।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন সামরিক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় কমান্ডের আইনজীবীরা ভিডিওটি আবারও দেখেছেন।
কেন্দ্রীয় কমান্ডের পরিচালক (যোগাযোগ) রিয়ার অ্যাডমিরাল হল পিটম্যান রয়টার্সকে বলেন, "এই মুহূর্তে ওই সামরিক অভিযানের পুনঃতদন্ত কিংবা এটি পর্যালোচনার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় কমান্ডের।"
২০০৭ সালের ১২ জুলাইয়ের গানসাইট ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারের আরোহীরা বাগদাদের উপকণ্ঠে একদল মানুষকে অস্ত্রধারী বলে শনাক্ত করে তাদের ওপর গুলিবর্ষণ করে।
উইকিলিকস জানায়, রয়টার্সের প্রতিনিধি নামির নূর এলদীন (২২) এবং তার সহকারী হিসেবে দায়িত্বপালনকারী গাড়িচালক সাঈদ চমাঘসহ (৪০) যারা নিহত হয়েছেন তারা একটি স্কয়ারে ছিলেন।
ক্রুরা রয়টার্স কর্মীর বহন করা ক্যামেরার লম্বা লেন্সকে রকেট লঞ্চার মনে করে ভুল করেছিলেন বলে জানান এক মার্কিন সামরিক মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬১৫ঘ.
bdnews24