ব্যাংকক, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে লাল শার্ট আন্দোলনকারীদের বিক্ষোভ ঠেকাতে বুধবার রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। (আরও তথ্যসহ)
নির্বাচন দেওয়ার জন্য সরকারের ওপর চাপ বাড়াতে লাল শার্টরা বুধবার নিরাপত্তা বাধা উপেক্ষা করে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়ে। এতে করে মন্ত্রীরা হেলিকপ্টারে করে পার্লামেন্ট থেকে পালাতে বাধ্য হন।
এ ঘটনার পরই প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা জরুরি অবস্থা জারি করলেন।
বিক্ষোভকারীরা ইতোমধ্যেই পার্লামেন্ট থেকে সরে আসলেও বহু বিক্ষোভকারী এখনও ব্যাংককের প্রধান শপিং সেন্টার এলাকায় রয়ে গেছে।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক এই লাল শার্ট বিক্ষোভকারীরা বলছে, আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা।
অভিজিৎ পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা ওই এলাকা ছাড়বে না বলে জানিয়েছে।
জরুরি অবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক লাল শার্ট নেতা বলেন, "আমরা যুদ্ধ ঘোষণা করব।" সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আর কোনও আলোচনা নয়।"
জরুরি অবস্থায় পাঁচজনের বেশি লোকের একসঙ্গে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে এবং সমাবেশ নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। তবে অভিজিৎ বলেছেন, সরকার শক্তি প্রয়োগ করবে না।
জাতির উদ্দেশে প্রচারিত এক টেলিভিশন বক্তব্যে অভিজিৎ বলেন, সরকারের লক্ষ্য পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং আইনের শাসন বজায় রাখা।
তিনি এও বলেন, লাল শার্ট আন্দোলনকারী নেতাদের ধরতে এ জরুরি অবস্থা সরকারের জন্য সহায়ক হবে।
নির্বাচনের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রায় এক মাস ধরে রাজধানী ব্যাংককে আন্দোলন করছে।
ফলে প্রচণ্ড চাপের মুখে রয়েছে অভিজিতের সামরিক সমর্থনপুষ্ট সরকার।
সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা প্রায় চার সপ্তাহ ধরে দোকানপাট এবং বিলাসবহুল হোটেলগুলো অবরুদ্ধ করে রেখেছে।
পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভকারীদের নেতা নাত্তাওয়াত সাইকুয়া সাংবাদিকদের বলেছেন, "আজ থেকে আমরা অভিজিত সংশ্লিষ্ট কর্মকাণ্ড, স্থান এবং ব্যক্তিদের লক্ষ্য করে বিক্ষোভ করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪২ ঘ.
bdnews24