ওয়াশিংটন, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন মঙ্গলবার পরমাণু অস্ত্রের ব্যবহার কমানোর নতুন নীতি ঘোষণা করেছে। এ নীতিতে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাই বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সীমিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে এ নীতি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন পরমাণু অস্ত্র তৈরী করবে না এবং মজুদ পারমাণু অস্ত্র হ্রাস করবে।
তবে পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্র সীমিত করলেও ওবামা ইরান ও উত্তর কোরিয়ার ব্যাপারে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন, পরমাণু শক্তি অর্জনের চেষ্টাকারী দেশ ইরান ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হয়েই থাকবে।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার সীমিতকরণের এ নীতি ইরান ও উত্তর কোরিয়ার মত দেশগুলোর জন্য প্রযোজ্য হবেনা। কারণ, ইরান ও উত্তর কোরিয়া পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে।
নতুন পরমাণু নীতির আওতায় যুক্তরাষ্ট্র পরমাণু শক্তিধর নয় এমন রাষ্ট্র বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ মেনে চলা দেশের ওপর এই অস্ত্র ব্যবহার করতে পারবে না।
মিত্র দেশগুলোর পরমাণু নিরাপত্তা এবং তারা আক্রান্ত হলেই কেবল পরমাণু যুদ্ধাস্ত্র ব্যবহারের সুযোগ রেখে নানা পর্যায়ে পরমাণু অস্ত্র ব্যবহার সীমিত করা হচ্ছে নতুন এ নীতিতে।
আগামী সপ্তাহে রাজধানী ওয়াশিংটনে আন্তর্জাতিক পরমাণু সম্মেলন এবং এ সপ্তাহে রাশিয়ার সঙ্গে প্রাগে নতুন পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি সইয়ের আগে ওবামা প্রশাসনের এ নতুন নীতি ঘোষণা গতিসঞ্চার করবে।
এ নীতিতে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো অপারমাণবিক দেশগুলোর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিধান রেখেছে।
এদিক দিয়ে নীতিটি বুশ আমলের থেকে আলাদা। বুশ আমলে জীবানু ও রাসায়নিক অস্ত্র হামলার হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র ব্যবহারের সুযোগ ছিল।
তবে নতুন নীতিতে বড় একটি শর্ত জুড়ে দিয়ে বলা হয়েছে, যে সমস্ত দেশ পরামণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি মানবে কেবলমাত্র তারাই যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র হামলা থেকে রেহাই পাবে।
আর এ শর্তের কারণেই এটি স্পষ্ট যে, ইরান এবং উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের হুমকির মুখে থেকে যাচ্ছে।
সমালোচকরা মনে করছেন, নতুন পরমাণু নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/এলকিউ/২২১৫ ঘ.
bdnews24