২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাদের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগে অটল কারজাই

হোয়াইট হাউজের বিরাগভাজন হয়েও পশ্চিমাদের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ থেকে সরে দাঁড়াননি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 09:29 AM

Updated : 24 Aug 2022, 08:14 PM

কাবুল, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হোয়াইট হাউজের বিরাগভাজন হয়েও পশ্চিমাদের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ থেকে সরে দাঁড়াননি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। সোমবার নিজের অভিযোগের সমর্থনে তিনি বলেন, আফগানিস্তানে নির্বাচনী জালিয়াতির জন্য পশ্চিমারাই দায়ী। ব্যাপক জালিয়াতির মাধ্যমে তিনি ও তার সরকারকে দুর্বল করতে সরাসরি ওয়াশিংটনকে দায়ী করে কারজাই বিতর্ক আরও বাড়াচ্ছেন বলেই মনে করা হচ্ছে। কারজাই বিবিসি টেলিভিশনকে বলেন, "নির্বাচন সম্পর্কে আমি যা বলেছিলাম তার সবই সত্য। আমি এর পুনরাবৃত্তি করব না। তবে এটা বলব যে তার সবই সত্য ছিল।" এ সময় বিবিসি প্রতিনিধি তাকে জিজ্ঞেস করেন, "যুক্তরাষ্ট্র কি এ জালিয়াতি করেছে?" জবাবে কারজাই বলেন, "এমনটিই আসলে ঘটেছিল। আমি আগেই উল্লেখ করেছিলাম কারা এটা করেছে। আমাদের মধ্যে একটি অংশীদারিত্ব আছে। আমরা চাই এ মিত্রতা ধরে রাখতে এবং আমাদের উভয়ের স্বার্থেই আমরা যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্বের সঙ্গে অংশীদারিত্ব ধরে রাখতে চাই। তবে সবাইকেই বুঝতে হবে, আফগানিস্তান একটি সার্বভৌম দেশ।" গত বৃহস্পতিবার কারজাই প্রথমবারের মতো তার বক্তব্যে নির্বাচনী জালিয়াতির পেছনে পশ্চিমাদের জড়িত থাকার অভিযোগ করেন। এ অভিযোগের পর হোয়াইট হাউস তার কাছে ব্যাখ্যা দাবি করে এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারজাইয়ের দাবি উদ্ভট বলে উড়িয়ে দেয়। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস সোমবার কারজাইয়ের মন্তব্যে আবারও হতাশা ব্যক্ত করেন। তবে আগামী মে মাসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কারজাইয়ের বৈঠকটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। বৃহস্পতিবারের বক্তব্যে কারজাই বলেছিলেন, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনী কর্মীদের ঘুষ ও হুমকির মাধ্যমে জালিয়াতি করেছিল বিদেশিরা। তিনি এ জালিয়াতিতে কাবুলে জাতিসংঘ মিশনের সাবেক উপপ্রধান ও মার্কিন কূটনীতিক পিটার গেলব্রেইথের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্র্যবেক্ষক দলের ফরাসি প্রধানের নামও উল্লেখ করেন। তবে তিনি তার মন্তব্যে সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ না করলেও তিনি বলেন, "আফগান জাতির এ নির্বাচনটি একটি বিশেষ দূতাবাস থেকে নিয়ন্ত্রিত হয়েছিল।" যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দূতাবাসটি কাবুলে অবস্থিত। পরের দিন শুক্রবার কারজাই ফোন করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর হিলারী ক্লিনটনের সঙ্গে কথা বলে সম্পর্ক মসৃণ করার চেষ্টা করলেও মন্তব্যের জন্য কোনও ক্ষমা প্রার্থনা করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫২৬ ঘ.