রাওয়ালপিন্ডি, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক ও যুদ্ধের হুমকি মোকাবেলায় ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চালানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
আগামী সপ্তাহে পাকিস্তান এ মহড়া শুরু করবে বলে সোমবার জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।
১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তান তিনবার যুদ্ধে জড়িয়েছে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে দু দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে।
এ পরিস্থিতিতে ভারতের হুমকিকে আমলে নিয়েই ১০ এপ্রিলে সামরিক মহড়া শুরু করবে পাকিস্তান। এর নাম দেওয়া হয়েছে আজম-ই-নাউ (নিউ রিজল্ভ) ৩। মহড়া চলবে ১৩ মে পর্যন্ত। এতে অংশ নেবে প্রায় ৫০ হাজার সেনা।
সেনা প্রশিক্ষণ মহাপরিচালক মেজর জেনারেল মুজামিল হোসেন এক সাংবাদিক সম্মেলনে বলেন, "পূর্ব সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতিকে আমলে নিয়েই এ মহড়া চালানো হবে।"
ভারত ও পাকিস্তান ১৯৯৯ সালে কাশ্মীর নিয়ে যুদ্ধে জড়িয়েছে। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে জঙ্গি হামলার পর দু'দেশ চতুর্থবারের মতো যুদ্ধে দ্বারপ্রান্তে পৌঁছে।
২০০৪ সালের শুরুর দিকে দু দেশ শান্তি প্রক্রিয়া শুরু করলেও মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর তা বন্ধ হয়ে যায়। ওই হামলার পর গত মাসে ভারত ও পাকিস্তান প্রথম সরকারি পর্যায়ে বৈঠক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২২ ঘ.
bdnews24