সেনেগাল, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইমামদের ফতোয়ার মধ্যেই সেনেগালে শনিবার 'মনুমেন্ট অব শেম' ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে ভাস্কর্যটি উন্মোচন করেন। ৩০টি দেশের রাষ্ট্রপ্রধান ও শত শত অতিথি এ সময় উপস্থিত ছিলেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওয়াদে বলেন, "আমরা যে অভিন্ন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি তাতে গতি সঞ্চার করবে এই ভাস্কর্য। ২১ শতকে এসে আফ্রিকা আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। নিজের গন্তব্য এখন নিজেই নির্ণয় করার জন্য আফ্রিকা অতীতের যে কোন সময়ের চেয়ে আরো বোশি প্রস্তুত।"
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এ ভাস্কর্য উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক পরে শিল্পীরা ড্রামের তালে তালে নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওয়াদে পশ্চিমা ধাচের পোশাক পড়েছিলেন। তার স্ত্রী এসেছিলেন পশ্চিম আফ্রিকার বোওবোও নামের ঐতিহ্যবাহী রঙিন পোশাকে।
২ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে গড়া এই ভাস্কর্যে পুরুষ, নারী ও শিশু পাহাড়ের ওপর থেকে রাজধানী ডাকারকে দেখছে-এমন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির চেয়ে বড় এই ভাস্কর্য উদ্বোধনের এক দিন আগে ইমামরা এর বিরুদ্ধে ফতোয়া জারি করেন। ইমামরা বলেন, 'এ মূর্তি বানিয়ে সরকার রাষ্ট্রের প্রচুর অর্থ নষ্ট করেছে।' ইসলাম ধর্মে মূর্তি গড়া নিষিদ্ধ বলে এটাকে তারা অনৈসলামিক বলে আখ্যা দেন।
তবে এই শিল্পকর্মের একজন সমর্থক বলেন, "স্বধীনতার পঞ্চাশ বছর পরেও আমাদের অনেক প্রদেশ এখনো পিছিয়ে। এই প্রদেশগুলোর ভবিষ্যত প্রত্যাশা পুরণে একটি প্রতীক প্রয়োজন।"
প্রেসিডেন্ট ওয়াদের সমর্থক সিনেটর এবং মুসলিম চিন্তাবিদ আহমেদ বশির কুন্তা বলেন, এই ভাস্কর্য সেনেগালের সাংস্কৃতিক প্রকল্পের অংশ।
তিনি বলেন, "প্রতিটি স্থাপত্য কর্মই সমালোচনা বা বিতর্কের জন্ম দিয়ে থাকে। প্যারিসের আইফেল টাওয়ারের কথাই ভাবুন। ঊনিশ শতকের এ ভাস্কর্যের ব্যাপারে সমালোচকরা বলেছিলো এটা তৈরি করে অর্থ অপচয় করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/কেএমএস/১৩৫৫ঘ.
bdnews24