ভ্যাটিকান সিটি, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোপ বেনেডিক্টের ওপর হামলা এবং যৌন হয়রানির ঘটনায় ক্যাথলিক চার্চের সমালোচনাকে ইতিহাসের জঘণ্যতম 'ইহুদিবিরোধী' অভিযানের সঙ্গে তুলনা করেছেন পোপের ব্যক্তিগত মুখপাত্র ফাদার রেনিরো ক্যান্টালামেসা।
ভ্যাটিকানে গুড ফ্রাইডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ক্যান্টালামেসা বলেন, "ইতিহাসে দেখা যায় ইহুদিরা সমন্বিত সহিংসতার শিকার। আর এই যৌন কেলেঙ্কারির অভিযোগও পোপ এবং ক্যাথলিক চার্চের বিরুদ্ধে অনুরূপ আক্রমণ।"
গুড ফ্রাইডের অনুষ্ঠানে পোপ বেনেডিক্টের উপস্থিতিতে ক্যান্টালামেসা সমবেত সবার উদ্দেশ্যে এই কথা বলেন।
তিনি বলেন, "এ ধরনের সমন্বিত আক্রমণ ইহুদিদের বিরুদ্ধে জঘণ্যতম আক্রমণের কথা মনে করিয়ে দেয়।"
অন্যদিকে, ইহুদি গণহত্যার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে গঠিত আমেরিকার একটি প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট এলান স্টেইনবার্গ পোপের মুখপাত্রের মন্তব্যকে খারিজ করে দিয়েছেন। তিনি রয়টার্সকে বলেন, "ভ্যাটিকান আত্মপক্ষ সমর্থন করবে এটা গ্রহণযোগ্য। কিন্তু তার সঙ্গে 'ইহুদি বিরোধী' অভিযানের তুলনা গ্রহণযোগ্য নয়। এটা অপরাধের শামিল।"
দ্য সিমোন ওয়েজেন্টাল সেন্টার বলেছে, "এই দুঃখজনক ঘটনাটি পোপের সামনেই ঘটেছে। এর দায়িত্ব পোপেরই এবং এর জন্য পোপেরই ক্ষমা প্রার্থনা করা উচিৎ।"
গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশের চার্চের নানা অনিয়ম এবং যাজকদের শিশু যৌন নির্যাতনের ঘটনায় এ সপ্তাহে ইস্টার সানডে পালন অনুষ্ঠান কিছুটা বিবর্ণ হয়ে গেছে।
ক্যান্টালামেসার দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে সারভাইবরস নেটওয়ার্ক অব দোজ অ্যাবিউসড বাই প্রিস্টস (এসএনএপি)-এর একজন মুখপাত্র বলেন, "শীর্ষস্থানীয় একজন ভ্যাটিকান কর্মকর্তা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন, নির্যাতিত ও ইহুদি জনগণকে উপহাস করবেন-এটা দুঃখজনক।"
গত কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে চার্চে যৌন হয়রানির অভিযোগ উত্থাপিত হয়েছে। ভ্যাটিকান জানিয়েছে, এ ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। যে বা যারা এ ধরনের অপরাধ সংঘটিত করছে তারা পোপ কিংবা চার্চের দায়িত্ব নিতে পারবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১৬০০ঘ.
bdnews24