২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ স্টেশনের পথে সয়ুজ

রাশিয়ার মহাকাশযান সয়ুজ তিন নভোচারীকে নিয়ে মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 06:50 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

কাজাখস্তান, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ার মহাকাশযান সয়ুজ তিন নভোচারীকে নিয়ে মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছে। মিশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের নভোচারী ট্রেসি কাল্ডওয়েল ডেসন এবং রাশিয়ার নভোচারী আলেকজান্ডার স্কভোর্টসভ ও মিখাইল কোরনিয়েনকে নিয়ে সয়ুজ শুক্রবার মহাকাশে যাত্রা করে। কাজাখস্তানের বৈকোনুর মহাকাশকেন্দ্র থেকে গ্রীনিচ মান সময় ০৪০৪-এ সয়ুজকে উৎক্ষেপন করা হয়। মহাকাশযানটি রোববার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙ্গর করবে। সয়ুজের তিন নভোচারী মহাকাশ স্টেশনে ৬ মাস অবস্থান করবেন। তারা সেখানে অবস্থানরত রাশিয়ান এক্সপেডিশন ২৩-এর কমান্ডার নভোচারী ওলেগ কোটোভ, জাপানের ফ্লাইট ইঞ্জিনিয়ার সোইচি নোগুচি ও যুক্তরাষ্ট্রের ফ্লাইট ইঞ্জিনিয়ার টিমোথি ক্রেমারের সঙ্গে যোগ দেবেন। চুরুট আকৃতির সাদা বর্ণের সয়ুজ টিএমএ-১৮ উৎক্ষেপণ মঞ্চ থেকে কমলা রঙের আভা ছড়িয়ে নীল আকাশের দিকে যাত্রা শুরু করে। পেছনে সাদা ধোঁয়ার কুণ্ডলী ফেলে নভোযানটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। এ ধরনের ফ্লাইটে প্রথম ৬০০ সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পার হওয়ার পর মিশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখপাত্র ভ্যালেরি লিনডিন রয়টার্সকে বলেন, 'ফ্লাইটের যে সব তথ্য পাওয়া গেছে তাতে সবকিছু স্বাভাবিক রয়েছে। মহাকাশযানটি কক্ষপথে পৌঁছে গেছে।' এই নভোচারীরা মহাকাশ স্টেশনে অবস্থানকালে পৃথিবী থেকে তিন দফায় প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানো হবে। তারা দুদফায় মহাকাশে ভেসে বেড়াবেন। এর একটি হবে মহাকাশ স্টেশনের মার্কিন অংশে। অপরটি হবে রুশ অংশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১২৩৫ঘ.