নিউ ইয়র্ক, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নারী-পুরুষ তালে তাল মিলিয়ে কাজ করলেও সংসারধর্মের জন্য এখনও নারীদেরই ক্যারিয়ারে ছাড় দেওয়ার প্রবণতা বেশি।
দীর্ঘ সময় কাজ করা দম্পতিদের মধ্যে সাংসারিক প্রয়োজনে চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি নারীদেরই।
এভাবে স্বামীর কাজকে অগ্রাধিকার দিয়ে বর্তমান আধুনিক যুগেও নারীরা তাদের ক্যারিয়ারে পিছিয়ে থাকছে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়ং জু চা গবেষণা করে দেখেছেন, বিবাহিত কর্মজীবী নারীদের মধ্যে যাদের স্বামী সপ্তাহে ৫০ ঘন্টা বা তারও বেশি সময় কাজ করে সেই নারীরা গৃহকর্ম বা সংসার দেখাশুনায় বেশি সময় ব্যয় করছে। এসব নারীর চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনাও বেশি।
স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী এমন পরিবারগুলোর প্রায় ৮ হাজার ৪৮৪ জন পেশাজীবী এবং ১৭ হাজার ৬৪৮ জন অপেশাজীবীর ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, যেসব নারীর স্বামীরা সপ্তাহে ৬০ ঘন্টা বা তারও বেশি সময় কাজ করে তাদের ক্ষেত্রে চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ বেশি।
চা বলেন, স্বামী সপ্তাহে ৬০ ঘন্টা বা তার বেশি সময় কাজ করলে পেশাজীবী নারীদের ৫১ শতাংশেরই চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। আর পেশাজীবী মায়েদের ক্ষেত্রে চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা আরও বেশি, ১১২ শতাংশ।
কিন্তু স্ত্রী সপ্তাহে ৬০ ঘন্টা বা তার বেশি সময় কাজ করলে স্বামীদের চাকরি ছাড়ার সম্ভাবনা দেখা যায় না। 'আমেরিকান সোশিওলজিক্যাল রিভিউ ইন এপ্রিল' এ প্রকাশিত গবেষণার ফলে একথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর উপাত্ত তুলে ধরে চা বলেন, "কর্মজীবী দম্পতিদের ক্ষেত্রে দীর্ঘ কর্মঘন্টা চাকরি ও সংসার সামলানোয় ব্যাঘাত সৃষ্টি করায় বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় দুজন এ সমস্যা সমাধানের যে পথ বেছে নেয় তাতে স্বামীর ক্যারিয়ারই প্রাধান্য পায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১০৬ ঘ.
bdnews24