২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমানের ক্ষেপণাস্ত্র হামলা

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় শুক্রবার ইসরায়েলি বিমান ও হেলিকপ্টার থেকে কমপক্ষে সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 07:36 AM

Updated : 24 Aug 2022, 08:07 PM

গাজা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় শুক্রবার ইসরায়েলি বিমান ও হেলিকপ্টার থেকে কমপক্ষে সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় ফিলিস্তিনি অস্ত্রাগারগুলো ধ্বংস হয়েছে বলে ইসায়েলের এক সামরিক মুখপাত্র জানান। প্রত্যক্ষদর্শী এবং হামাস নেতারা জানান, খান ইউনিস শহরের কাছে চার দফা বিমান হামলা চালানো হয়। এতে গাড়ির দুটি বহর ধ্বংস হয়ে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পঞ্চম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে গাজা শহরে একটি পনির তৈরির কারখানায়। এতে ওই কারখানায় আগুন ধরে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শী ও হামাস নেতারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এতে দুই বালক সামান্য আহত হয়েছে। এরপর হেলিকপ্টার থেকে দুবার হামলা চালানো হয় নুসেইরাত উদ্বাস্তু শিবিরে। এখানে একটি ঢালাই কারখানা ধ্বংস হয়ে যায়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। হামলার ঘটনা নিশ্চিত করে এক ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, দুটো অস্ত্র তৈরির কারখানা এবং দুটো সমরাস্ত্রবাহী গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, ফিলিস্তিনি জঙ্গিরা বৃহস্পতিবার ইসরায়েলে স্বল্পপাল্লার রকেট হামলা চালায়। এর জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩৩০ঘ.