তিকরিত, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার প্রাসাদোপম বাড়িগুলোকে মরুর স্বর্গোদ্যান করে গড়ে তুলেছিলেন। আর এখন বিদেশি বিনিয়োগকারীরা তার এ প্রাসাদগুলোকে পর্যটন মক্কা হিসাবে গড়ে তুলতে চাইছে।
স্থানীয় কর্মকর্তাদের মতে, সাদ্দামের পরিত্যক্ত ৭৬টি বাড়ি এবং তিকরিতের শত শত একর জমিই হতে পারে অর্থসঙ্কট জর্জরিত সালাহুদ্দিন প্রদেশের সম্ভাবনাময় স্বর্ণখনি।
সালাহুদ্দিন প্রদেশের বিনিয়োগ কমিশনের প্রধান জওহের হামাদ আল-ফাহেল রয়টার্স টেলিভিশনকে বলেন, "এসব বাড়ির কিছুটা পুনর্বাসন এবং অন্যান্য সংস্কার করা গেলেই পুরো এলাকাটি একটি দারুণ সুন্দর পর্যটন নগরীতে রূপান্তর করা যাবে।"
সাদ্দামের এ বিশাল কীর্তি গড়ে উঠেছে বাগদাদের ৯৫ মাইল উত্তরে শক্তিশালী আদিবাসী ঘাঁটি তিকরিতে। এর মধ্যে ছয়টি ভিলা তিনি বানিয়েছিলেন তার জন্মস্থান আল-আজওয়া গ্রামে। এরপর তিনি বানান সবচেয়ে বড় তিকরিত প্রাসাদ কমপ্লেক্স।
কৃত্রিম হ্রদ আর ফলের বাগান বেষ্টিত এক হাজার একরেরও বেশি জায়গাজুড়ে মোট ১৩৬ টি ভবন আছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
২০০৫ সালে নভেম্বরে ইরাক কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের আগ পর্যন্ত মার্কিন বাহিনী এ এলাকাকে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করেছে।
টাইগ্রিস নদীতীরে অবস্থিত এসব ভবনের বেশির ভাগেরই রং এখন ফিকে হয়ে গেছে। কাঠোমো হয়ে গেছে ধুলিধূসর। যদিও ভবনগুলোর ভিতরে আছে মার্বেল পাথরের মনকাড়া নানা নকশা। তবে এসব ভবনের কয়েকটিতে এখনও রয়ে গেছে ২০০৩ সালের মার্কিন আগ্রাসণে ক্ষয়ক্ষতির চিহ্ন।
সালাহুদ্দিনের গভর্নর মুতাশির হোসেন আলাওয়ি জানান, তহবিল স্বল্পতার কারণে এসব ভবনের রক্ষণাবেক্ষণ এবং সংস্কার সম্ভব না হওয়ায় তিনি বিদেশি বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। যাতে খুব দ্রুতই এসব ভবনের সংস্কার হয়।
তিনি বলেন, "২০০৩ সালে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার চিহ্ন মুছে ফেলতে ইরাকে প্রচুর বিনিয়োগ দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৩৯ ঘ.
bdnews24