ইসলামাবাদ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের অনুরোধে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্ত প্রতিবেদন।
বেনজির দেশে ফেরার পর হত্যার শিকার হওয়ার ব্যাপারে তিনটি দেশের কাছ থেকে পাওয়া সতর্কবার্তা সম্পর্কে প্রতিবেদনে তথ্য সংযোজনের জন্য পাকিস্তান এ সময় চেয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মুখপাত্র একথা জানিয়েছেন।
তিন সদস্য বিশিষ্ট জাতিসংঘের তদন্ত প্যানেল গত নয় মাস ধরে প্রতিবেদন তৈরি করেছে। মঙ্গলবার প্রতিবেদনটি মহাসচিব বান কি মুনের কাছে পেশ করার কথা ছিল তাদের ।
কিন্তু নিহত বেনজিরের স্বামী পাকিস্তানের প্রেসিডেন্টের অনুরোধে প্রতিবেদনটি পেশ করতে ১৫ এপ্রিল পর্যন্ত দেরী হবে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘ ।
প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর বলেন, "দেশে ফেরার পর তাকে (বেনজির) তিনটি দেশ সতর্ক করেছিল, অতিরিক্ত সতর্ক থাকার জন্য। কারণ তাদের কাছে তথ্য ছিল, তাকে হত্যা করা হতে পারে। তাই আমরা অনুরোধ করেছি এ বিষয়টিও রিপোর্টে অন্তর্ভুক্ত করতে।"
তবে কোন তিনটি দেশ বেনজিরকে এ ধরনের সতর্কবার্তা দিয়েছিল, সেটি জানাতে অস্বীকৃতি জানান বাবর।
আট বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফেরার কয়েক সপ্তাহ পরেই ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে আততায়ী গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির ভুট্টো।
এ হত্যার পেছনে পাকিস্তানের তালেবান নেতা ও আল কায়েদার সহযোগী বায়তুল্লাহ মেহসুদ জড়িত বলে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সরকার দায়ী করে।
গত আগস্টে মেহসুদ মার্কিন ড্রোন বিমান হামলায় নিহত হন।
তবে বেনজির হত্যায় কে বা কারা জড়িত সে ব্যাপারটি এখনও রহস্যাবৃত। কারণ কেউ কেউ মনে করেন, পাকিস্তানের সামরিক বাহিনীর একটা অংশ বেনজিরকে অবিশ্বাস করতে শুরু করেছিল। গুজব উঠে মোশাররফের সহযোগীদেরই ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। যারা চায়নি বেনজির আবার পাকিস্তানের ক্ষমতায় আসুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24