২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় আবার আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

মস্কোর মেট্রো স্টেশনে বোমা হামলার দু' দিন পর বুধবার রাশিয়ার উত্তর ককেশীয় অঞ্চল দাগেস্তানের কিজলিয়ার শহরের প্রাণকেন্দ্রে দু দু'টি বোমা বিস্ফোরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 07:51 AM

Updated : 24 Aug 2022, 08:04 PM

মস্কো, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মস্কোর মেট্রো স্টেশনে বোমা হামলার দু' দিন পর বুধবার রাশিয়ার উত্তর ককেশীয় অঞ্চল দাগেস্তানের কিজলিয়ার শহরের প্রাণকেন্দ্রে দু দু'টি বোমা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে স্থানীয় পুলিশ প্রধানসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, প্রথম বোমাটি বিস্ফোরিত হওয়ার কিছুক্ষণ পরই পুলিশের পোশাক পরা এক আত্মঘাতী বোমা হামলাকারী দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায়। শহরের প্রাণকেন্দ্রের একটি স্কুলের সামনে রাখা গাড়ি বিস্ফোরিত হলে পাশ দিয়ে চলমান ট্রাফিক পুলিশের একটি টহল গাড়ি উড়ে যায়। গাড়ির দুই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণের পর উৎসুক জনতা ভিড় জমালে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায় আত্মঘাতী হামলাকারী। প্রাদেশিক পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা জানায়, নিহতদের একজন স্থানীয় পুলিশ প্রধান ভিতালি ভেদেরনিকভ। এছাড়া আরও ছয় পুলিশ কর্মকর্তাসহ একজন তদন্তকারী ও একজন বেসামরিক ব্যক্তি মারা যায়। দাগেস্তান মুসলমান প্রধান প্রদেশ। এখানে প্রায়ই বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হয় পুলিশ ও কর্মকর্তারা। এ হামলার সঙ্গে চেচেন বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সোমবার মস্কোর মেট্রো স্টেশনে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৩৯ জন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমএইচ/জিএনএ/১৩৪৮ ঘ.