২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভকারীদের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা রোববার ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারী নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন। সম্ভাব্য সহিংসতা এড়াতে তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্টদের সঙ্গে আলোচনায় রাজি হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 01:26 PM

Updated : 24 Aug 2022, 07:56 PM

ব্যাংকক, ২৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা রোববার ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারী নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন। সম্ভাব্য সহিংসতা এড়াতে তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্টদের সঙ্গে আলোচনায় রাজি হন। বিবিসি জানায়, শান্তি রক্ষার্থে এবং কোন ধরনের সহিংসতা যাতে না ঘটে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী বিক্ষোভকারী নেতাদের সমঝোতার আহ্বানে আলোচনায় বসতে সম্মত হয়েছেন বলে অভিজিতের মুখপাত্র জানিয়েছেন। সাংবাদিকরা বলছেন, রাজধানী ব্যাংককে লাল শার্টদের প্রায় দুই সপ্তাহের অহিংস আন্দোলনের পর এখন সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে। তাদের এ দাবি এর আগে বার বারই নাকচ করেছেন থাই প্রধানমন্ত্রী। তবে রোববার তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। তিনি শর্ত দিয়ে বলেন, যে সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন তার সামনে থেকে বিক্ষোভকারীরা সরে গেলে তিনি তাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন। এর আগে শনিবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙ্গে ফেলে। তাদের সহিংস আন্দোলনের হুমকির মুখে পুরনো ব্যাংককে মোতায়েন নিরাপত্তা সদস্যরা পিছু হঠে যায়। পরে নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর লাল শার্টরা তাদের জমায়েত স্থলে ফিরে আসে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অভিজিত জরুরি অবস্থা জারি করতে পারেন বলে আশংকা সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক মন্ত্রী সাথিত ওংনংটোয়ে স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, "শান্তি ফিরিয়ে আনতে এবং সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কা এড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন।" ২০০৬ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক এই বিক্ষোভকারীরা মূলত দেশটির গ্রামাঞ্চলের দরিদ্র জনগণ। যারা নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরেই অহিংস আন্দোলন করে গেলেও সামরিক সমর্থনপুষ্ট অভিজিতের সরকার এ ব্যাপারে এতদিন কর্ণপাত করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমডি/কেএমএস/১৯৪৫ঘ.