লন্ডন, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাদক সেবনসহ নানা কারণে আফগান পুলিশ ক্রমেই দুর্বল একটি বাহিনীতে পরিণত হচ্ছে। রোববার দি ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য প্রকাশ করেছে।
পত্রিকাটি ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ এক প্রতিবেদন থেকে এ তথ্য প্রকাশ করে। মাদক গ্রহণ প্রবণতার পাশাপাশি মৃত্যু, বরখাস্ত ও পলায়ন ইত্যাদি নানা সমস্যার কারণে আফগান পুলিশকে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তুলতে অনেক বছর লেগে যেতে পারে বলে ওই প্রতিবেদনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই মূলত আফগান জাতীয় পুলিশকে (এএনপি) প্রশিক্ষণ দিয়ে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে পশ্চিমা সেনাবাহিনী।
তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক নথিপত্র ঘেঁটে দেখা গেছে, আফগান পুলিশের লোক হারানোর হার অত্যন্ত বেশি। হেলমান্দ প্রদেশে পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রে দেখা গেছে এই হার ৬০ শতাংশ। যার মধ্যে মৃত্যু, পলায়ন কিংবা বরখাস্তের মতো কারণগুলো আছে। অন্যদিকে, নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অর্ধেকই মাদকাসক্ত বলে ইন্ডিপেন্ডেন্ট জানায়।
এসবের সঙ্গে যোগ হয়েছে 'ভৌতিক নিয়োগ'। কাগজপত্রে নিয়োগের উল্লেখ থাকলেও বাস্তবে লোক না থাকায় পুলিশের জনশক্তি আশঙ্কাজনকভাবে কমছে।
এছাড়াও ঘুষ, দুর্নীতি আর স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের না মেশার কথাও পত্রিকাটি উল্লেখ করে।
এ অবস্থা লাঘবে নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে কাজ করার জন্য বেশি বেতন-ভাতা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "পুলিশ বাহিনীতে সংস্কারের চ্যালেঞ্জ রক্ষা গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি হলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে।"
বিবৃতিতে বলা হয়, এএনপির বিরুদ্ধে এই সমালোচনা সম্পর্কে আমরা সজাগ, যদিও এটা গভীর উদ্বেগের বিষয়। সেখানে একটি পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তোলার ব্যাপারে ব্রিটেন সম্পূর্ণ প্রতিশ্র"তিবদ্ধ।
ব্রিটেনের প্রায় ১০ হাজার সৈন্য আফগানিস্তানে যুদ্ধে নিয়োজিত।
২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে দেড় হাজার আফগান পুলিশ মারা যায়।
বর্তমানে আফগানিস্তানে ৮০ হাজার পুলিশ আছে। তবে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী এ সংখ্যা দ্বিগুণ করতে চাইছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৮১০ঘ.
bdnews24