২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

ইরাকের সুন্নি অধ্যুষিত দিয়ালা প্রদেশে একটি জনাকীর্ণ বাজারে শুক্রবার দুটি বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯। শনিবার পুলিশ একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 07:09 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

বাগদাদ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের সুন্নি অধ্যুষিত দিয়ালা প্রদেশে একটি জনাকীর্ণ বাজারে শুক্রবার দুটি বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯। শনিবার পুলিশ একথা জানায়। এদিকে, নতুন সরকার গঠনে রাজনীতিকরা জোট গঠনের আলোচনা শুরু করেছে। শুক্রবার রাতের ওই হামলায় আরও ৭৩ জন আহত হয়েছে বলে পুলিশের মুখপাত্র মেজর গালিব আত্তিয়া জানান। তিনি বলেন, "হামলার ধরন এবং ক্ষয়ক্ষতির পরিমান দেখে আমি বলতে পারি এর পেছনে আল কায়েদার ষড়যন্ত্র আছে।" এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান। ৭ মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার ঘণ্টাকয়েক আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, রাজধানী বাগদাদ থেকে ৫০ মাইল উত্তরে খালিশ শহরের একটি কফিশপের পাশেই রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। এর পরপরই সেখানে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটলে ভবনসহ দোকানগুলো গুঁড়িয়ে যায়। দোকান মালিক ইউনিস মোহাম্মদ বলেন, "ধ্বংসস্তুপের নিচে এখনও মৃতদেহ আছে। আমি আসলে জানতে চাই এসব নিরপরাধ মানুষের কী দোষ ছিল যে তাদের এভাবে মরতে হবে?" শনিবারও উদ্ধার কর্মীরা জীবিতদের সন্ধানে অনুসন্ধান চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩০৫ঘ.