গাজা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি সেনাবাহিনী ও ট্যাংকবহর শনিবার গাজা ভুখন্ড থেকে চলে গেছে। প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে।
ইসরায়েলি সৈন্যদের সঙ্গে ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় প্রবেশ করে। এই সংঘর্ষে দুই ইসরায়েলি সৈন্য ও এক ফিলিস্তিনি নিহত হয়। গত ১৪ মাসে দু পক্ষের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
এই সংঘর্ষের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়। হামাসের বৈরী মনোভাব এবং অধিকৃত জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধ না করার সিদ্ধান্ত শান্তি আলোচনা কে দুর্বল করে দিয়েছে।
এ মাসের প্রথম দিকে গাজা থেকে ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলে রকেট হামলা চালায়। জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালায়।
ইসরায়েলি ও ফিলিস্তিনিরা গত এক বছরের মধ্যে সবচেয়ে বড় বিবাদে জড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ওয়াশিংটন সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন বন্ধ করবে না। যদিও তিনি স্থগিত শান্তি আলোচনা শুরুর চেষ্টা করছেন।
নেতানিয়াহুর মুখপাত্র নির হেফেয এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, গত ৪২ বছর ধরে জেরুজালেমে ইসরায়েলের বসতি নির্মাণ নীতিমালা একই আছে এবং এর কোন পরিবর্তন হবেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৬১০ঘ.
bdnews24