ওয়াশিংটন, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কয়েকমাসের আলোচনার পর অবশেষে নতুন পরমাণু অস্ত্র হ্রাস চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
শুক্রবার টেলিফোনে আলাপকালে দু'নেতা চূড়ান্তভাবে চুক্তি সই করতে একমত হন। ওবামা ও মেদভেদেভ ৮ এপ্রিল প্রাগে চুক্তিটি সই করবেন। হোয়াইট হাউস একথা জানিয়েছে।
১৯৯১ সালের অস্ত্র হ্রাস চুক্তির স্থলে এ নতুন চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র রাশিয়া। আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে।
দুপক্ষ গত বছর পরমাণু অস্ত্র হ্রাস করতে রাজি হলেও অস্ত্র মোতায়েনের বিষয়টি যাচাই করা নিয়ে মতানৈক্যের কারণে চুক্তি বিলম্বিত হয়। যুক্তরাষ্ট্র ২ হাজারের বেশি পরমাণু অস্ত্র মোতায়েন রাখার দাবি করলেও রাশিয়া তা ২৫০০র বেশি বলে দাবি করে।
নতুন চুক্তি অনুযায়ী, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১ হাজার ৫৫০ টি পরমাণু ওয়ারহেড মোতায়েন রাখতে পারবে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিতে এ মতৈক্য দুদেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪০
bdnews24