২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে জান্তার শেষ স্যালুট ?

মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শনিবার কুচকাওয়াজে অংশ নিচ্ছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 09:52 AM

Updated : 24 Aug 2022, 07:54 PM

ব্যাংকক, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শনিবার কুচকাওয়াজে অংশ নিচ্ছে সেনাবাহিনী। এ বছরের শেষ নাগাদ দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা। এর মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বর্তমান সামরিক জান্তা। সে সেক্ষেত্রে ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর এটাই শেষ বারের মতো কুচকাওয়াজ। আর সামরিক জান্তার শেষ স্যালুট। কিন্তু আসলেই কি তাই ? একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেও দেশটিতে প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে সেনাবাহিনীর নিজের অবস্থান ধরে রাখার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তারা বলেছেন, সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে দেশটির নতুন রাজধানী নিপিদোতে আয়োজিত কুচকাওয়াজে দেশটির অর্থনৈতিক সম্ভাবনা ও গণতান্ত্রিক নিয়মের বিষয়ে বক্তব্য রাখা হতে পারে। কিন্তু তারপরও সেনাবাহিনীর সদস্যরা আরো গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও মিয়ানমারের শিক্ষাবিদ অং নাইঙ্গ য়ো থাইল্যান্ডে বলেন, "বিশ্বাস, নৈতিকতা ও গণতন্ত্রের জন্য নেওয়া পদক্ষেপের বিষয়ে তারা কথা বলবে। প্রতিকী অর্থে তারা দেশে বিদেশে সবাইকে এটা দেখানোর চেষ্টা করবে যে, সেনাবাহিনীকে কম গুরুত্বপূর্ণ বিবেচনা করা যাবে না।" দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে পশ্চিমা দেশগুলো অবরোধ কিছুটা শিথিল করতে পারে বলে সেনাবাহিনী আশা করছে। সামরিক জান্তা ২০০৮ সালে যে খসড়া সংবিধান প্রণয়ন করেছে তাতে সেনাবাহিনীর জেনারেলদের মনোভাব নিয়ে সমালোচকদের মনে সন্দেহ দেখা দিয়েছে। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলেও নতুন গণতান্ত্রিক মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই থেকে যাবে। সামরিক জান্তার হাতে বন্দি বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি মঙ্গলবার বলেছেন, তার দল নির্বাচনে অংশ নেবে বলে তিনি মনে করেন না। অবশ্য তিনি আরো বলেছেন যে, এ বিষয়ে তার সমর্থকরাই সিদ্ধান্ত নেবে। মিয়ানমারের অধিকাংশ জনগণের মনেই আগামী নির্বাচন নিয়ে সন্দেহ থাকলেও এ বিষয়ে তারা জনসমক্ষে কোনো মন্তব্য করছেন না। কারণ, প্রায়ই সমালোচকদের ধরে কারাগারে পাঠানো হয়। প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে কাঠসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ৪ কোটি ৮০ লাখ জনসংখ্যার এ দেশটি এশিয়ার প্রভাবশালী দুটি দেশ চীন ও ভারতের মাঝামাঝি অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৫২৮ঘ.