প্যারিস, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট দেখতে চান না তার স্ত্রী সাবেক মডেল ও গায়িকা কার্লা ব্রুনি-সারকোজি। এ দায়িত্বের কারণে তার স্বাস্থ্যের অবনতি হবে বলে তিনি উদ্বিগ্ন।
ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রুনি লা ফিগারো ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, 'একজন স্ত্রী হিসেবে আমি চাইনা তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন। তার স্বাস্থ্যহানি হতে পারে ভেবে আমি উদ্বিগ্ন। বাকী সময়টা দুজন মিলে শান্তিতেই কাটাতে চাই আমি।"
তবে ব্রুনি বলেন, "কিন্তু পরিস্থিতি যা হবে এবং আমার স্বামী যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি তাই মেনে নেব।"
সারকোজি (৫৫) ২০০৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট হন। ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি এখনও এ বিষয়টি নিশ্চিত করে জানান নি।
কয়েকবছর প্রেম করার পর ব্রুনি (৪২) ও সারকোজি ২০০৮ সালে বিয়ে করেন। তবে এ মাসে ফ্রান্সের একটি ব্লগে ব্রুনি ও সারকোজির দুজনের পরকীয়ার গুজব ছড়িয়ে পড়লে তাদের সম্পর্কে জটিলতা দেখা দিয়েছে বলে গণমাধ্যমে জল্পনা সৃষ্টি হয়েছে।
ব্রুনি ফিগারোকে জানিয়েছে, "আমি তথাকথিত সেইসব সাংবাদিকদের ঘৃণা করি যারা ব্লগ কে বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে ব্যাবহার করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৫২০ ঘ.
bdnews24