২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু ভাইরাস নতুন নয়

এইচ১এন১ সোয়াইন ফ্লু ভাইরাস বিভিন্নভাবে মানুষের কাছে নতুন মনে হলেও তা একেবারে নতুন নয়। ১৯১৮ সালে যে ভাইরাসের কারণে মহামারি ছড়িয়ে পড়েছিলো তা ছিলো এই ভাইরাসেরই প্রায় সমগোত্রের। বুধবার গবেষকরা এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 11:52 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এইচ১এন১ সোয়াইন ফ্লু ভাইরাস বিভিন্নভাবে মানুষের কাছে নতুন মনে হলেও তা একেবারে নতুন নয়। ১৯১৮ সালে যে ভাইরাসের কারণে মহামারি ছড়িয়ে পড়েছিলো তা ছিলো এই ভাইরাসেরই প্রায় সমগোত্রের। বুধবার গবেষকরা এ কথা জানান। গবেষকদের এই তথ্য সোয়াইন ফ্লু ভাইরাসের টিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আগের ওই ভাইরাসটি কেন এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল, তারও ব্যাখ্যা দেবে। ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ- এর পরিচালক ডা. এন্থনি ফোউসি এক বিবৃতিতে বলেন, " গবেষণায় অপ্রত্যাশিতভাবে আমরা ইনফ্লুয়েঞ্জার জন্য দায়ী এ দুটি ভাইরাসের মধ্যে মিল খুঁজে পেয়েছি।" দুটি গবেষণায় দেখা গেছে, সোয়াইন ফ্লু এইচ১এন১ এবং ১৯১৮ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া এইচ১এন১ ভাইরাসের মধ্যে গঠনগত সাদৃশ আছে। দুই ভাইরাসেরই হেমাগ্লুটিনিনের গঠন প্রায় এক। ভাইরাসগুলো জীবকোষকে আক্রান্ত করার কাজে হেমাগ্লুটিনিনকে ব্যবহার করে। এ ছাড়া হেমাগ্লুটিনিন ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের কার্যক্ষমতায় 'এইচ' যোগ করে থাকে। সায়েন্স ট্রানস্লেশনাল মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণা তথ্যে দেখা যায়, এনআইএআইডির গবেষক জেন ওয়েই, গ্যারি ন্যাবেল ও তাদের সহকর্মীরা ১৯১৮ সালে ছড়িয়ে পড়া ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ব্যবহার করে তৈরি একটি প্রতিষেধক কিছু ইদুরের দেহে প্রয়োগ করেন। ১৯১৮ সালের ওই ভাইরাস সংক্রমনে আনুমানিক ৪ থেকে ১০ কোটি লোক মারা গেছে। এই গবেষকরা পরে ইঁদুরের দেহে এইচ১এন১ সোয়াইন ফ্লু ভাইরাস প্রয়োগ করেন। পরে দেখা যায়, যে সব ইঁদুরের দেহে প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে সেগুলো বেঁচে গেছে। বাকিরা মারা গেছে। একইভাবে বিপরীত পরীক্ষাও চালানো হয়েছে। ২০০৯ সালের এইচ১এন১ ভাইরাস ব্যবহার করে কিছু ইঁদুরকে প্রতিষেধক দেওয়া হয়। এরপর ১৯১৮ সালে যে ভাইরাস ব্যবহার করে প্রতিষেধক দেওয়ায় ইঁদুরগুলো বেঁচে গিয়েছিলো তা ২০০৯ সালে প্রতিষেধক দেওয়া ইদুরগুলোর দেহে প্রয়োগ করা হয়। গ্যারি ন্যাবেল বলেন, "এতে যে ফলাফল পাওয়া গেছে তা বিশ্ময়কর।" তিনি বলেন, "এত বছরের ব্যবধানে ওই ভাইরাসের বিরুদ্ধে এটা যে এ ধরনের প্রতিষেধক হিসেবে কাজ করবে তা আমরা ভাবিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭৩৬ঘ.