২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র হ্রাসে নতুন চুক্তিতে রাশিয়া-যুক্তরাষ্ট্র মতৈক্য

পরমাণু অস্ত্র হ্রাসে নতুন একটি চুক্তিতে পৌঁছেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বুধবার ক্রেমলিন এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 09:00 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

মস্কো/ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু অস্ত্র হ্রাসে নতুন একটি চুক্তিতে পৌঁছেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বুধবার ক্রেমলিন এ কথা জানায়। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, এখনও কিছু বিষয় নিয়ে কাজ করার রয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, "স্টার্ট চুক্তি স্বাক্ষরে সব বিষয়েই দু পক্ষ রাজি হয়েছে।" রুশ কর্মকর্তাটি আরও জানান, এখন শুধু রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিদ্ধান্ত নেবেন, কখন চুক্তিতে স্বাক্ষর করবেন। ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, "স্টার্ট চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে সমঝোতার খুব কাছাকাছিই আছি আমরা। তবে প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট মেদভেদেভ আরও একবার আলোচনা না করা পর্যন্ত আমরা চুক্তিতে পৌঁছাতে পারছি না।" প্রতিদিনের সংবাদ ব্রিফিংয়ে গিবস আরও বলেন, "এখনও কিছু বিষয় খতিয়ে দেখার প্রয়োজন আছে।" তবে আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তি স্বাক্ষর চূড়ান্ত করার ব্যাপারে ওবামা ও মেদভেদেভের মধ্যে কথা হবে বলে আশা করছেন তিনি। গিবসের এ বক্তব্য নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেমলিনের মুখপাত্রকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "চুক্তির পুরো ব্যাপারেই দু পক্ষ রাজি, তবে চুক্তিতে কিছু কারিগরি বিষয়ের নিষ্পত্তি হওয়ার প্রয়োজন এখনও রয়ে গেছে।" দু পক্ষই জানিয়েছে, চেক প্রজাতন্ত্রের প্রাগে চুক্তিটি হতে পারে। যা সাবেক সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইট কেন্দ্র ছিল। এটি বর্তমানে ন্যাটোর। শীতল যুদ্ধের অবসানে ১৯৯১ সালে করা কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি-১ (স্টার্ট-১)-এর মেয়াদ গত ৫ ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার পর দু পক্ষই নতুন চুক্তি করতে তোড়জোড় চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪৫৫ঘ.