২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব জেরুজালেমে বসতি আরও বাড়াবে ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে টালমাটাল সম্পর্কের তোয়াক্কা না করে ইসরায়েল বুধবার পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি আরও বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 03:21 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

জেরুজালেম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে টালমাটাল সম্পর্কের তোয়াক্কা না করে ইসরায়েল বুধবার পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি আরও বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। নতুন নতুন আরও বাড়ি নির্মাণ অনুমোদন করার মধ্য দিয়ে পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি বাড়ানোর এ পরিকল্পনা করেছে ইসরায়েল। ইসরায়েলের সেনা বেতারে জেরুজালেম কাউন্সিলর এলিশা পেলেগ বলেন, কয়েকমাস ধরে এ পরিকল্পনা নিয়ে আগানো হয়েছে। সর্বশেষ পর্যায়ে ১০০ বাড়ির নির্মাণকাজ অনুমোদনের একটি 'কৌশলগত' পদক্ষেপ নেওয়া হয়েছে মাত্র। তিনি আরও বলেন, আমরা শেখ জারাহ এবং রাস আল আমুদসহ গোটা জেরুজালেমেই বাড়ি নির্মাণকাজ চালিয়ে যাব। ইসরায়েলের এ পদক্ষেপে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হওয়াসহ বসতিস্থাপন বন্ধের চেষ্টা চালিয়ে আসা পশ্চিমারা নিঃসন্দেহে হতাশ হবে। বসতিস্থাপন নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইসরায়েলের প্রধানমনস্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্ক মেরামতের লক্ষ্য নিয়ে আলোচনায় বসার মধ্যেই নতুন বসতি নির্মাণের এ ঘোষণা এল। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরকালে জেরুজালেমের আরেকটি বসতিতে ১৬০০ ইহুদি বাড়ি নির্মাণের ঘোষণা নিয়ে নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেন। কিন্তু যুক্তরাষ্ট্র সফরের দিন সোমবারেই তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে দাবি করেন এবং বসতিস্থাপন চলবে বলে জানিয়ে দেন। তার এ অটল অবস্থান ঘোষণার একই সময়ে ইসরায়েলের জন্য অনেকটা প্রকাশ্যে চপেটাঘাতের মতোই ঘটে গেছে ব্রিটেনের ইসরায়েলি কূটনীতিক বহিস্কারের ঘটনাটি। ইসরায়েল ব্রিটেনের এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে। তবে এতে দ্বিপাক্ষীয় সম্পর্কে তেমন ক্ষতি হবে বলে মনে করছেন না ভাষ্যকাররা। ওদিকে, ইসরায়েলি গণমাধ্যম বলছে, শেখ জারাহ জেলায় ইসরায়েলের নতুন বাড়ি নির্মাণের সর্বশেষ পরিকল্পনার খবরে নেতানিয়াহু বিস্মিত হয়েছেন। কারণ ফিলিস্তিনি অধিবাসীদের উচ্ছেদ করে ইহুদি বাড়ি নির্মাণের এ পদক্ষেপে বসতিবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশ্কংা আছে। গত বছর ফিলিস্তিনিদের উচ্ছেদ করা জায়গাটিতেই নতুন বসতির এ পরিকল্পনা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত বলেছেন, পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপস্থিতির অবসান ঘটানোর চেষ্টায়ই ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী জেরুজালেম ইস্যু নিয়ে চুক্তিতে পৌঁছার কোনওরকম আশাই আর থাকবেনা। তিনি বলেন, ইসরায়েল যে কাজ করছে এবং যেসব সিদ্ধান্ত নিচ্ছে তাতে আন্তর্জাতিক অঙ্গনে হতাশা বাড়ছে। এরাকাত আরও বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শেখ জারাহ প্রজেক্ট বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৩ ঘ.