২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-পাকিস্তান উচ্চ পর্যায়ের বৈঠক

দীর্ঘদিনের আস্থা সংকট দূর করতে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। ওয়াশিংটনে দুইদিনের এ বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 01:54 PM

Updated : 24 Aug 2022, 07:50 PM

ওয়াশিংটন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিনের আস্থা সংকট দূর করতে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। ওয়াশিংটনে দুইদিনের এ বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকের শুরুতেই হিলারি বলেছেন, "এটি নতুন কোনওকিছুর সূচনা। তবে তিনি বলেন, অতীতে দু দেশেরই নানা ভুলবোঝাবুঝি এবং মতানৈক্য আছে। ভবিষ্যতেও মতানৈক্য দেখা দেওয়াটা একরকম নিশ্চিত।" আলকায়েদা ও তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে পকিস্তান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। এ বিষয়টি ওপর জোর দিয়ে বৈঠকের উদ্বোধনী বক্তব্যে শাহ মেহমুদ কুরেশি বলেন, "এরকম অংশীদারিত্ব পাকিস্তান, আমেরিকা এবং আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ভালো বলেই আমরা মনে করি।" তিনি বলেন, এখন সামনের দিকে দৃষ্টি দিয়ে এগিয়ে যাওয়ার সময়। দুদেশের এ বৈঠক থেকে বেশ কিছু চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। এসব চুক্তি হতে পারে পাকিস্তানের জন্য বাঁধ ও সড়ক নির্মাণ থেকে বিদ্যুৎ প্রকল্প নির্মাণ এবং অতিরিক্ত নিরাপত্তার অঙ্গীকার বিষয়ক। বৈঠকে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকছেন। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে অবস্থিত পাকিস্তান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে পাক পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, "আমরা চাই এ আলোচনা থেকে একটি ফলাফল বেরিয়ে আসুক।" ওদিকে, দুদেশের মধ্যে গভীর সম্পর্কের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন। বৈঠকের আগে পাকিস্তানের দুনিয়া টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এটি রাতারাতি ঘটে না। এটি একটি প্রক্রিয়া। কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এবং আমরা এতে বিশ্বাস করি।" এ সপ্তাহে বৈঠকের আগেই পাকিস্তানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে একটি ডকুমেন্ট পাঠিয়েছে। এতে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে তাদের মতামত তুলে ধরার পাশাপাশি আরো বেশি সংখ্যক হেলিকপ্টার ও চালকবিহীন বিমান দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ওয়াশিংটনের সঙ্গে ভারতের যেমন বেসামরিক পারমাণবিক চুক্তি রয়েছে সে ধরনের চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। ইসলামাবাদ এ ধরনের চুক্তি করতে চায় কিনা জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সালমান বশির বলেন, "ভারতের জন্য যা ভালো পাকিস্তানের জন্যও তা ভালো হওয়া উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯৫০ ঘ.