ইয়াঙ্গুন, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি এ বছরের নির্বাচনে তার দলের নাম নিবন্ধনের বিরোধিতা করেছেন। সু চির আইনজীবী মঙ্গলবার একথা জানিয়েছেন।
আইনজীবী নিয়ান উইন বলেন, সু চি তাকে বলেছেন, অন্যায় নির্বাচনী আইনের কারণে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)'র নির্বাচনে অংশ নেওয়ার কথা চিন্তাও করা উচিত না। তবে সু চি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার ভার তার নয়।
গত ২১ বছরের ১৫ বছর গৃহবন্দিত্বে কাটানো সু চি আরও বলেন, তার এ মন্তব্য দলের সদস্যদের জন্য কোনো আদেশ বা নির্দেশনা নয়।
সু চির সাথে সাক্ষাতের পর তার আইনজীবী ও এনএলডি সদস্য নিয়ান উইন সূ চির বক্তব্য উদ্ধৃত করে বলেন, "ব্যক্তিগতভাবে আমি এরকম একটি অন্যায় ও একপাক্ষিক রাষ্ট্রীয় সংবিধানের আওতায় নির্বাচনে এনএলডি'র নাম নিবন্ধনের কথা ভাবতেও পারি না।"
তবে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে এনএলডির ১২৮ সদস্যের কমিটিতে মতবিরোধ আছে।
নিয়ান বলেন, 'কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তবে অধিকাংশই নির্বাচনে অংশগ্রহণের বিরোধী।'
তিনি বলেন, এনএলডি নির্বাচনে অংশ নিবে কিনা সে সিদ্ধান্ত জানাবে ২৯ মার্চে।
উল্লেখ্য, বিদেশিকে বিয়ে, সন্তানের ব্রিটিশ নাগরিকত্ব এবং বাড়িতে মার্কিন নাগরিক অনুপ্রবেশকে কেন্দ্র করে বিচারে সু চি আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৩৩ ঘ.
bdnews24