লন্ডন, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুবাইয়ে হামাস নেতা হত্যাকাণ্ডে জড়িতদের জাল ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এক ইসরায়েলি কূটনীতিককে বহিস্কার করবে ব্রিটেন।
পররাষ্ট্র মন্ত্রণলায় গণমাধ্যমের এ খবরের ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে,
পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড পার্লামেন্টে এ ব্যাপারে একটি বিবৃতি দেবেন।
ব্রিটেনের স্কাই নিউজ বলেছে, বহিস্কারের মুখে থাকা ওই ইসরায়েলি কূটনীতিক কোন পদমর্যাদার তা জানে না তারা।
ইসরায়েল জানুয়ারিতে দুবাইয়ের একটি হোটেল কক্ষে হামাস কমান্ডার মাহমুদ আল-মাভৌকে হত্যার বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার কোনটিই করেনি।
দুবাইয়ের পুলিশ প্রধান বলেন, এ হত্যার পিছনে ইসরায়েলের এজেন্টরা জড়িত থাকার বিষয়ে তিনি অনেকটাই নিশ্চিত এবং তিনি এর জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেন।
দুবাই কতৃপক্ষ এ হত্যাকাণ্ডে জড়িত দলটির ২৭ সদস্যের নাম প্রকাশ করেছে। তারা এও বলেছে যে, ওই সদস্যরা দুবাইয়ে ঢুকতে ও দুবাই থেকে বেরোতে ব্রিটিশ,আইরিশ,ফ্রেঞ্চ,জার্মান ও অস্ট্রেলিয়ার জাল পাসপোর্ট ব্যবহার করে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় এ খবরের ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
এ বিষয়ে আলোচনার জন্য ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রোসোরকে গতমাসে লন্ডনে ডেকে পাঠায় ব্রিটেন। কিন্তু ব্রিটেনকে এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করতে অপারগ বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১৫ ঘ.
bdnews24