বেজিং/সাংহাই, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল চীনা ভাষার সংস্করণ বন্ধ করলেও ভিন্নপথে তা আবার চালু করে চীনের তোপের মুখে পড়েছে।
হংকংভিত্তিক একটি সার্ভারের সাহায্যে চীনা সংস্করণ চালু করলে সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গুগলকে সতর্ক করে দিয়েছে বেজিং। এতে করে চীনে গুগলের ব্যবসার ভবিষ্যত নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
ভিন্নপথে চীনা সংস্করণ চালু রেখে গুগল চীনে তাদের সেবা চালিয়ে যেতে পারবে। কিন্তু চীন ক্ষুব্ধ হওয়ায় বিষয়টি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
গুগলের উদ্যোগে ক্ষুব্ধ চীনের কমিউনিস্ট সরকার। গুগলের এ পদক্ষেপ 'সম্পূর্ণ ভুল' এবং চীনা বাজারে প্রবেশের ক্ষেত্রে তাদের লিখিত প্রতিশ্র"তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে তারা।
বেজিং ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে টান টান উত্তেজনার মধ্যে গুগল চীনা সংস্করণ আবার চালুর এ উদ্যোগ নিয়েছে।
দু'দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার বিষয় থেকে শুরু করে ইউয়ানের বিনিময় হার, ইরানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে।
গত জানুয়ারি মাসে সেন্সর ও হ্যাকিংয়ের অভিযোগ তুলে গুগল চীনে তাদের কার্যক্রম বন্ধের হুমকি দেয়। এত ব্যবসায়ীসহ বিশ্ববাসী বিস্মিত হয়। হ্যাকিংয়ের অভিযোগ চীন তীব্র ভাষায় প্রত্যাখ্যান করে।
গুগলের উদ্যোগের সমালোচনা করে চীনা রাষ্ট্রীয় তথ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, "তারা লিখিত প্রতিশ্র"তি ভঙ্গ করেছে।
আমরা বাণিজ্যিক বিষয় নিয়ে রাজনীতি করার তীব্র বিরোধী এবং গুগলের অযৌক্তিক অভিযোগ ও আপত্তিকর কর্মকাণ্ডে আমরা অসন্তষ্ট ও ক্ষুব্ধ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০২ ঘ.
bdnews24