ওয়ারশ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্তন ক্যান্সার প্রতিরোধে একটি স্লোগান নিয়ে পোল্যান্ডের নারীবাদীরা রীতিমতো ক্ষেপে উঠেছে। তাদের অভিযোগ, এ স্লোগান কর্মক্ষেত্রে নারী কর্মীদের যৌন হয়রানিতে উৎসাহ যোগাবে।
সোমবার 'গ্যাজেটা ওয়াইবর্কজা' ডেইলি তাদের ওয়েবসাইটে একথা জানায়।
ওই স্লোগানে লেখা আছে,"আমি আমার নিজের গরজেই কর্মীদের স্তন পরীক্ষা করি।" দক্ষিণাঞ্চলীয় শহর ওপোলের এক হাসপাতালের এমন স্লোগানের উদ্দেশ্য হচ্ছে, নিয়োগকর্তারা যাতে ক্যান্সারের লক্ষণ চিহ্নিত করতে নারী কর্মীদের নিয়মিত স্তন পরীক্ষা করার জন্য উৎসাহ যোগান ।
উদ্দেশ্য মহৎ হলেও দেশটির নারীবাদীরা এ স্লোগানের গুঢ় অর্থ নিয়ে যথেষ্টই ক্ষিপ্ত। নারীবাদী সংগঠন ফেমিনোটেকার প্রধান জোয়ান্না পিওট্রোস্কার উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটে বলা হয়, "এটি একটি যৌন-উত্তেজক প্রচারাভিযান, যা অবশ্যই মানুষের মনে যৌন চিন্তা জাগায়।"
তিনি আরও বলেন, "এ প্রচারাভিযানে নারীদের একটি বস্তু হিসাবে বিবেচনা করা হয়েছে, যা ওইসব বিজ্ঞাপনের চেয়ে খুব বেশি আলাদা নয়, যেখানে নারীরা গাড়ির বনেটের উপর শুয়ে স্তন প্রদর্শনীতে মেতে ওঠে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৪ ঘ.
bdnews24