২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ধনীরা দান করতে চান না

গত এক দশকে ভারতে ধনী লোকের সংখ্যা অনেক বাড়লেও দান করার মত ভালো কাজে তারা অর্থ খরচ করতে চান না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 10:12 AM

Updated : 24 Aug 2022, 07:48 PM

মুম্বাই, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত এক দশকে ভারতে ধনী লোকের সংখ্যা অনেক বাড়লেও দান করার মত ভালো কাজে তারা অর্থ খরচ করতে চান না। ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান ব্যাইন অ্যান্ড কোম্পানি এক সমীক্ষায় এ কথা জানায়। ২০০০ সাল থেকে ভারতে শতকরা ১১ হারে বিত্তবান লোকের সংখ্যা বেড়ে চলেছে। সম্ভবত ধনী হওয়ার এমন গতি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত। ফলে ভারতে এখন ধনী লোকের সংখ্যা ১ লাখ ১৫ হাজারেরও বেশি। ফোর্বস ম্যাগাজিনের মতে, বিশ্বের সেরা ধনীর তালিকায় আছেন ভারতের দুই শিল্পপতি মুকেশ আম্বানি এবং লক্ষী মিত্তাল। কিন্তু যখনই দানের প্রসঙ্গ ওঠে, তখনই ভারতীয় ধনীরা অর্থ খুঁজতে পকেটে হাত দিয়ে হাতড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত খুঁজে পান না। ব্যাইন অ্যান্ড কোম্পানির গবেষণা অনুয়ায়ী, ২০০৯ সালে দাতব্য প্রতিষ্ঠানে মোট ৭ শ ৫০ কোটি ডলার জমা হয়েছে। যা ভারতের মোট অভ্যন্তরীন উৎপাদনের দশমিক ৬ শতাংশ। বেশিরভাগ ভারতীয় তাদের পরিবার, বন্ধু বান্ধব, গৃহকর্মী এবং ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ দিতে কার্পন্য করেন না। তবে দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদের আগ্রহ দেখা যায় না। অথচ দেশটির ৪০ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো জরুরি বলে উল্লেখ করেছেন ব্যাইন এন্ড কোম্পানির অংশীদার অর্পণ শেঠ। তিনি বলেন, "যাদের অর্থ সঙ্কট নেই, তারা কি আরও একটু বেশি হাত খুলতে পারেন না? তারা কি দাতব্য কাজে আরেকটু বেশি সময় দিতে পারেন না? এ দুটো প্রশ্নের উত্তর অবশ্যই হওয়া উচিত হ্যাঁ।" বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে অনুষ্ঠিত দেশটির প্রথম দাতা ফোরামে এ কথা বলেন শেঠ। ভারতে আনুমানিক ২৫ লাখ অলাভজনক প্রতিষ্ঠান রয়েছে। অথচ দেশটির অর্ধেকেরও বেশি দান যায় ধর্মীয়, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের তহবিলে। দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৬৫ শতাংশ দানের অর্থ আসে। এটিই সবচেয়ে বড় দানের অংশ। এরপরের বড় অংশটি আসে বিদেশি সাহায্য সংস্থার কাছ থেকে। মাত্র ১০ ভাগ দান আসে ভারতীয় ধনী এবং কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে। অথচ যুক্তরাষ্ট্রে মোট দানের ৭৫ ভাগ আসে ব্যক্তিগত এবং কর্পোরেট দান সংস্থাগুলোর কাছ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬০৫ঘ.