সাংহাই, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘুষ নেওয়ার স্বীকারোক্তি দেওয়ার পর মঙ্গলবার চীনে বিচারের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ান স্টার্ন হুসহ রিও টিনটোর চার নির্বাহীর বিরুদ্ধে বাণিজ্যিক তথ্য চুরির অভিযোগ আনা হয়েছে।
হু ছাড়াও বিশাল খনি কোম্পানি রিওর তিন চীনা কর্মী লিউ চাইকুই, গে মিংগিয়াং এবং ওয়াং ইয়ংয়ের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আইনজীবী এবং স্থানীয় মিডিয়া যে পরিমান উৎকোচ গ্রহণের অভিযোগ করেছিল, তারা তার চেয়ে অনেক কম পরিমান উৎকোচ গ্রহণের কথা স্বীকার করেছেন।
শুধুমাত্র ঘুষ নেওয়ার কারণেই তাদের সর্বোচ্চ ২০ বছরের জেল হতে পারে।
লিও এর আইনজীবী তাও উওপিং জানান, বাণিজ্যিক তথ্য চুরি বিষয়ে শুনানি মঙ্গলবার বিকেলে হতে পারে। তবে তার মক্কেল কীভাবে ঘুষ নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন তা জানাতে অস্বীকার করেন তিনি।
চীনের সঙ্গে বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পর্ক যখন আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে, ঠিক সে সময়টাতেই এ মামলার বিচার শুরু হয়েছে।
রিও অবশ্য জানিয়েছে, তাদের কর্মকর্তারা কোনও ভুল করেনি।
রিওর প্রধান নির্বাহী টম আলবানিস সোমবার বেইজিংয়ে বলেন, "আমরা চীনের সঙ্গে ব্যবসায়িক বন্ধন ক্ষতিগ্রস্ত করতে চাই না।"
রিও টিনটো তার কর্মীদের এভাবে দোষ স্বীকার করে নেওয়ায় কোনও আনুষ্ঠানিক মন্তব্য না করলেও আকরিক লোহা বিভাগের প্রধান মঙ্গলবার পার্থে বলেন, চীনের সঙ্গে তাদের অংশীদারিত্ব প্রাধান্য পাবে।
তবে ক্যানবেরা তাদের কূটনীতিককে বিচার পর্যবেক্ষণ করতে না দেওয়ায় এর প্রতিবাদ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৩২০ঘ.
bdnews24