কাবুল, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে বিরোধী জঙ্গিদের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি রাজধানী কাবুলে বিরোধী জঙ্গি গোষ্ঠী হেজব-ই-ইসলামীর শীর্ষস্থানীয় একজন নেতার সঙ্গে বৈঠক করেন। কারজাইয়ের কার্যালয় সোমবার এ কথা জানায়।
শান্তি স্থাপনের উদ্দেশ্যে এ ধরণের পদক্ষেপ এই প্রথম যা জঙ্গি গোষ্ঠীগুলোর মাঝে বিভক্তি তৈরি করতে পারে।
তালেবানের সমর্থক তিনটি প্রধান গোষ্ঠীর একটি হেজব-ই-ইসলামী। তিনটি গোষ্ঠীই পশ্চিমা বাহিনীর সঙ্গে লড়াই করে যাচ্ছে। তাদের মধ্যে হেজব-ই-ইসলামীই প্রথমবারের মত কারজাইয়ের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে।
যদিও এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা তবুও এটি একটি মাইলফলকস্বরূপ।
২০১১ সালে আফগানিস্তান থেকে ওয়াশিংটনের সৈন্য প্রত্যাহার শুরু করার কথা। তবে তার আগে যুক্তরাষ্ট্র সেখানে আরো সৈন্য বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট কারজাই তালেবান জঙ্গিদের সমর্থন লাভের চেষ্টা করছে।
কারজাইয়ের মূখপাত্র ওয়াহিদ ওমর নিশ্চিত করেন যে, জঙ্গী গোষ্ঠীর র্শীর্ষস্থানীয় নেতারা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তারা একটি শান্তি পরিকল্পনাও পেশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৩০৫ঘ.
bdnews24