২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি পরিস্থিতিতে গ্রীসে অর্থসাহায্য বিবেচনা করবেন মেরকেল

ঋণ-জর্জরিত গ্রীসে জরুরি পরিস্থিতিতে আইএমএফ এর অর্থ সহায়তার কথা বিবেচনা করবেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। জার্মান সরকারের এক মুখপাত্র সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 03:34 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

বার্লিন, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঋণ-জর্জরিত গ্রীসে জরুরি পরিস্থিতিতে আইএমএফ এর অর্থ সহায়তার কথা বিবেচনা করবেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। জার্মান সরকারের এক মুখপাত্র সোমবার একথা বলেছেন। তবে মুখপাত্র উলরিখ উইলহেম বলেন, গ্রীসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ রোববার টেলিফোনে মেরকেলকে পরিস্কার করেই জানিয়েছেন যে, গ্রীসের কোনো অর্থ সহায়তার দরকার নেই। উইলহেম বলেন, ইউরো অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিলেই সরকার প্রধানরা ব্যবস্থা নেবেন। নিয়মিত সরকারি সংবাদ সম্মেলনে উইলহেম বলেন, "এ ধরনের জরুরি পরিস্থিতি সৃষ্টি হলেই সেক্ষেত্রে গ্রীসের জন্য আইএমএফ এর অর্থসাহায্য নিশ্চিতভাবেই চ্যান্সেলর মেরকেল এবং সরকারের জন্য আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে।" কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবারে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মেলনে অর্থ সহায়তা নিয়ে কোনো সিদ্ধান্ত তিনি প্রত্যাশা করছেন না। উইলহেম বলেন,' এ পর্যন্ত পাওয়া তথ্যে গ্রীসের অর্থ সহায়তার জন্য সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আলোচ্যসূচিতে নেই।' ইউরোপীয় মূদ্রা তহবিল সংরক্ষণে সহায়তা করতে অভ্যন্তরীণ রাজনীতির উর্ধ্বে উঠে মেরকেলকে গ্রীসের অর্থনৈতিক সুরক্ষায় রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট। জার্মানীর চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল চান গ্রীস নিজেই নিজের ঋণ সমস্যার সমাধান করুক। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের সহায়তার ব্যাপারে পূর্ণ সমর্থন করছেন ইতালির প্রেসিডেন্ট সিলভিও বারলুসকোনি। বর্তমানে অর্থনৈতিক মন্দা ও আকণ্ঠ ঋণে গ্রীস নিমজ্জিত। গ্রীসের অর্থনৈতিক মন্দা কাটাতে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন সাহায্য করবে এই বিষয়ে ১৬ সদস্যের ইউরো অঞ্চল দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। ঋণের ভার ও অর্থনৈতিক ঘাটতি গ্রীসকে অসহায় করে ফেলেছে। আঙ্গেলা মেরকেল আগামী মে মাসে নির্বাচনে লড়বেন। এ নির্বাচন তার জন্য গুরুত্বপূর্ণ। বেশিরভাগ জার্মান ভোটার গ্রীসকে অর্থ সহায়তা করার বিষয়ে রাজি নয়। ফলে মেরকেল ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। সোমবারের ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে জানা যায়, গড়ে তিনজনে একজন জার্মান মনে করেন গ্রীসকে ইউরো মুদ্রা ছেড়ে দেওয়ার কথা বলা হোক। অন্যদিকে ৪০ শতাংশ জার্মান মনে করেন অর্থনৈতিক সহায়তা করলেই ভাল হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/এলকিউ/১৬৩৫ঘ.