আবিদজান, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রতিদিন লাখ লাখ টন বর্জ্য নদী এবং সাগরের পানিতে ফেলার কারণে মারাত্মক দূষণের কবলে পড়ছে সামুদ্রিক প্রাণীজগৎ। সেইসঙ্গে দূষণ থেকে ছড়িয়ে পড়া নানা রোগে বিশ্বে বছরে মারা যাচ্ছে লাখ লাখ শিশু।
সোমবার জাতিসংঘ একথা জানিয়েছে।
'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম' (ইউএনইপি) এক প্রতিবেদনে জানায়, "যুদ্ধসহ অন্যান্য সহিংসতায় বিশ্বে যত লোক মারা যায় তার চেয়ে এখন বেশি মানুষের মৃত্যু ঘটে দূষিত পানির কারণে।"
বিশ্ব পানি দিবস উপলক্ষে ইউএনইপি'র 'দূষিত পানি' শিরোনামে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ২০ লাখ টনেরও বেশি বর্জ্য পানিতে মিশে দূষিত হচ্ছে ২শ' কোটি টনেরও বেশি পানি। ফলে কোরাল ও অন্যান্য মাছের জন্য সমুদ্র মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
যে সমস্ত বর্জ্য মিশে পানি দূষিত হচ্ছে তার মধ্যে রয়েছে পয়ঃনিষ্কাশন বর্জ্য, কলকারখানার বর্জ্য, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক এবং প্রাণী বর্জ্য। এ বর্জ্যগুলোর বেশির ভাগই আসে উন্নয়নশীল দেশগুলো থেকে।
রিপোর্টে বলা হয়েছে, বিশুদ্ধ পানির অভাবে প্রতি বছর ১৮ লাখ শিশু পাঁচ বছরের আগেই মারা যাচ্ছে।
নোংরা পানির কারণে বেশির ভাগ ক্ষেত্রেই ডায়রিয়ায় প্রতি বছর ২২ লাখ মানুষ মারা যায়। বিশ্বের অর্ধেকেরও বেশি হাসপাতালে রয়েছে পানিদূষণজনিত রোগে আক্রান্ত হওয়া রোগী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/বিসিএস/এলকিউ/১৯৫০ ঘ.
bdnews24