ওয়াশিংটন,২২ মার্চ(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদেশী শ্রমিকদের অধিকার সংরক্ষণে অভিবাসন আইন সংস্কারের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানীতে রোববার হাজার হাজার লোক বিক্ষোভ করে।
বিক্ষোভকারীদের ভিড়ে ওয়াশিংটনের ন্যাশনাল মলের পাঁচটি ব্লকই পরিপূর্ণ হয়ে যায়। বিক্ষোভকারীরা 'যুক্তরাষ্ট্রের সব অভিবাসীর জন্য ন্যায়বিচার ও মর্যাদা নিশ্চিত কর' এবং 'আমরা শুধু কাজ করতে চাই' লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে।
অনেকের টি-শার্টে লেখা ছিল 'অভিবাসী হিসেবে আমাদের লড়াই মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই।"
নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি নিদিয়া ভেলাকুয়েজ বলেন, "অভিবাসন আইন সংস্কার না হলে প্রতিটি দিনই হবে এমন দিন যেখানে আমাদের ১ কোটি ২০ লাখ কঠোর পরিশ্রমী অভিবাসীকে আতঙ্কের মধ্যে থাকতে হবে।
এমনকি তাদের পরিবারকেও লুকিয়ে থাকতে হবে। এটা ঠিক নয় এবং মার্কিনিদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।"
মার্কিন কংগ্রেসে হিস্পানিক ককাসের প্রধান ভেলাকুয়েজ অবিলম্বে অভিবাসন আইন সংস্কারের জন্য কংগ্রেস ও প্রেসিডেন্টের প্রতি আহবান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে অভিবাসন একটি স্পর্শকাতর বিষয়। এখানে এক কোটি ৮ লাখ অবৈধ অভিবাসী বাস করে যারা ভয়ের মধ্যে থাকে। এছাড়া সবচেয়ে বড় অভিবাসী গ্র"প হিস্পানিকরা দ্রুত ভোটব্যাংক হয়ে দেখা দিচ্ছে।
বর্তমানে স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাবের ওপর ওয়াশিংটনের দৃষ্টি থাকলেও বিক্ষোভকারীরা মনে করে আইনপ্রণেতারা তাদের কথা শুনবেন এবং নিজেদের মতামত প্রকাশ করবেন।
জাইরো নামের একজন কলম্বিয় অভিবাসী বলেন, "আমার কাছে কাগজপত্র আছে। কিন্তু এখানকার অধিকাংশের কাছেই তা নেই। অভিবাসন আইন সংস্কারে সব অভিবাসীর সমর্থন দানের এখনই সময়। এ দেশের জন্য এটা খুব জরুরি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৫২১ঘ.
bdnews24