২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান আফিম চাষ বন্ধে ক্ষতিপূরণ দেবে মেরিন সেনারা

আফগানিস্তানের মারজায় তালেবানদের বিরুদ্ধে কয়েক সপ্তাহের তুমুল লড়াই শেষে এখন মাদক ব্যবসার দিকে নজর দিয়েছে মার্কিন মেরিন সেনারা। কোনোরকম সংঘর্ষ এড়াতে চাষীদের আফিম ক্ষেত ধ্বংসের বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 01:15 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

আফগানিস্তান, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের মারজায় তালেবানদের বিরুদ্ধে কয়েক সপ্তাহের তুমুল লড়াই শেষে এখন মাদক ব্যবসার দিকে নজর দিয়েছে মার্কিন মেরিন সেনারা। কোনোরকম সংঘর্ষ এড়াতে চাষীদের আফিম ক্ষেত ধ্বংসের বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করেছে তারা। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বিদ্রোহী তৎপরতা কমানোই নতুন এ প্রকল্পের উদ্দেশ্য। কিন্তু এতে মাদক চাষ করে জীবিকা নির্বাহকারী চাষীরা যাতে নিঃস্ব হয়ে না পড়ে লক্ষ্য রাখা হবে সেদিকেও। আফিম ব্যবসা ও পাচারের প্রাণকেন্দ্র দক্ষিণ হেলমন্দের মারজা প্রদেশ তালেবান মুক্ত করতে গতমাসে লড়াই করেছে হাজার হাজার মেরিন সেনা। বিশ্বের বেশিরভাগ হেরোইনের কাঁচামাল এ প্রদেশে উৎপন্ন হয়। মারজায় এখন আফিমের পপি ফুল ফুটে গাছগুলো কোমর ছুঁই ছুঁই করছে। আর মাদক চাষের ওপর নির্ভরশীল গরীব চাষীদের এলাকাগুলোতে তালেবানদের উপস্থিতি রয়েছে এখনও। ফলে মারজার চারপাশের এলাকাগুলোর দিকে অগ্রসর হচ্ছে কিছু মেরিন সেনা। মারজা এর ১১ কিলোমিটার দূরের একটি গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী মোহাম্মদ হানিফ বলেন, "আমি পপি ক্ষেতে অনেক অর্থ ব্যয় করেছি। এখন পর্যন্ত আমরা যথেষ্ট পরিমাণ আয় করতে পারিনি। আমরা কেবল মুনাফার অর্থে রুটি কেনার জন্যই আয় রোজগার করি।" শনিবার মেরিন সেনারা হানিফের এলাকায় গেলে সে আতঙ্কিত হয়। ন্যাটো বাহিনীর মত মেরিন সেনারাও তার পপি ক্ষেত ধ্বংস করবে বলে আশঙ্কা ছিল তার। ন্যাটো বাহিনী ও আফগান সরকার ইতোপূর্বে পপি চাষ বন্ধের যে কৌশল নিয়েছিল তাতে কৃষকদের মধ্যে হতাশা দেখা দেয় এবং তা তালেবানদের অনুকূলে যায়। কিন্তু নতুন কৌশলে মেরিন সেনারা চাষীদেরকে পপিক্ষেত ধ্বংস করে পরবর্তী মৌসুমে আফগান সরকারের দেওয়া বিকল্প বৈধ শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় তহবিল দেবে। নতুন এ প্রকল্পের কথা শুনে হানিফের উক্তি, "এতে আমি খুশী। কারণ, তারা আমাকে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অর্থ দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০৪ ঘ.