লস্কর গহ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের হেলমান্দে রোববার একটি পিকনিক স্থলে চালানো আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। অন্যদিকে, রাস্তার ধারে পেতে রাখা আরেকটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরও ২ জন। কর্মকর্তারা একথা জানিয়েছে।
হেলমান্দ প্রদেশে প্রথম বোমা হামলার ঘটনায় আত্মঘাতী বোমা হামলাকারী রিকশা চালিয়ে পিকনিকস্থলে এসে হামলা চালায়।
হেলমান্দের গেরেস্ক জেলায় এ সময় লোকজন পিকনিক করে আফগান নববর্ষ উদযাপন করছিল। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র একথা জানিয়েছেন।
মুখপাত্র দাউদ আহমাদি বলেছেন, হামলাকারীর লক্ষ্য ছিল সেনা যান। কিন্তু হামলার লক্ষ্যভ্রষ্ট হয়। এতে ১০ বেসামরিক আফগান নিহত হয়েছে এবং আহত হয়েছে ৭ জন।
এক প্রত্যক্ষদর্শী খান মোহম্মদ বলেন, হামলাকারী রিকশা চালাচ্ছিল। তার লক্ষ্য ছিল সেনাযান। সেনারা রিকশাটি দেখামাত্র দ্রুত প্রস্থান করে। আর বোমাটি বিস্ফোরিত হয় লোকারণ্য একটি জায়গায়। যেখানে লোকজন পিকনিক করছিল। এতেই অনেকে হতাহত হয়েছে।
বিক্ষিপ্ত আরেকটি ঘটনায় দক্ষিণাঞ্চলীয় খোস্ত প্রদেশের উপকণ্ঠে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি গাড়ি বিধ্বস্ত হয়ে দুজন নিহত এবং ৪ জন আহত হয়েছে। খোস্ত প্রদেশের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোহাম্মদ ইয়াকুব মানদোজাই রয়টার্সকে একথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ ঘ.
bdnews24