২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার স্বাস্থ্যসেবা বিল পাশে আশাবাদী ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত বহুল আলোচিত স্বাস্থ্য সেবা সংস্কার বিল পাশে যথেষ্ট সমর্থন আদায় হয়েছে বলে শনিবার জানিয়েছে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 09:52 AM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ওয়াশিংটন, মার্চ ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত বহুল আলোচিত স্বাস্থ্য সেবা সংস্কার বিল পাশে যথেষ্ট সমর্থন আদায় হয়েছে বলে শনিবার জানিয়েছে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা। মার্কিন সিনেটে বিলটি পাশ হওয়ার পর এখন প্রতিনিধি পরিষদের বাধা পার হতে হবে। প্রয়োজনীয় সমর্থন জোগাড় হওয়ায় সংস্কার বিল বড় এ বাধাটি পার হতে পারবে বলেই আশা করছে ডেমোক্র্যাটরা। ওবামা রোববার স্বাস্থ্যসেবা বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য ডেমোক্র্যাট সদস্যদের আহ্বান জানিয়েছেন। ডেমোক্র্যাটদের উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ওবামা বলেন, "আমার জন্য নয়, ডেমোক্র্যাট দলের জন্যও নয়, মার্কিন জনগণের জন্য এটি করুন।" এ বিল পাশের এটিই সঠিক সময় বলে মন্তব্য করেন তিনি। গত চার দশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের স্বাস্থসেবা সংস্কার বিল এটি। উচ্চপদস্থ ডেমোক্র্যাট নেতা স্টিনি হয়ার এ ভোটে জয়ের আশা প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকদের বলেন," আমরা বিশ্বাস করি আমাদের ভোট আছে এবং আমরা আশা করি সিনেটে বিল টি পাশ করার মত ভোট আমাদের থাকবে।" শনিবার ক্যাপিটল হিলে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের সামনে দেওয়া বক্তব্যে ওবামা এই সংস্কার বিলের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ওবামার এ আহ্বানে সাড়া দিয়ে সিনেটের ডেমোক্রেট নেতা হ্যারি রেইড বলেন, রোববারে অনুষ্ঠিত ভোটে ১০০ জন সিনেট সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বাস্থ্য বিল পাশে সমর্থন দেওয়ার কথা দিয়েছে। এই স্বাস্থ্য সেবা সংস্কার বিল পাশ হলে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ স্বাস্থ্য বীমার আওতায় আসবে। তাছাড়া, বেসরকারি স্বাস্থ্য বীমা কোম্পানীগুলোকে বীমা অস্বীকার করা থেকে বিরত রাখতে এ সমস্ত কোম্পানীর ওপর আরও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। রিপাবলিকানরা বিলটির ঘোর বিরোধিতা করছে এবং যে কোনও ভাবে এটি ঠেকানোর চেষ্টা করছে। বিলটিতে কিছু পরিবর্তন আনার কারণে তাতে আবারও সিনেটের অনুমোদন প্রয়োজন পড়বে। ফলে প্রতিনিধি পরিষদের ভোটের পর তা আবারও সিনেটে ফেরত পাঠানো হতে পারে। রেইড এর কার্যালয় বিলের পরিবর্তনগুলোতে সিনেট ডেমোক্র্যাটদের সমর্থন সম্বলিত একটি চিঠি পেলোসির কাছে পাঠিয়েছে। তবে এতে কয়জন সিনেটর সই করেছে তা বলা হয়নি। ডেমোক্র্যাট সহযোগীরা বলছেন, প্রতিনিধি পরিষদ রোববার অন্ততপক্ষে তিনটি ভোট করবে। সিনেট বিল নিয়ে, এ প্রক্রিয়ার নীতিমালা নির্ধারণ নিয়ে এবং সিনেট বিলের পর্যালোচনা নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৫৪৮ ঘ.