২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে বস্তিবাসীর সংখ্যা বাড়ছে

উঠতি অর্থনৈতিক শক্তি চীন ও ভারতের প্রবৃদ্ধির কারণে বিশ্বের প্রায় ২৫ কোটি মানুষ বস্তি দশা থেকে মুক্তি পেলেও বস্তিতে বসবাসকারী মানুষের সংখ্যা এখনও বেড়ে চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 11:15 AM

Updated : 24 Aug 2022, 07:42 PM

রিও ডি জেনিরো, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উঠতি অর্থনৈতিক শক্তি চীন ও ভারতের প্রবৃদ্ধির কারণে বিশ্বের প্রায় ২৫ কোটি মানুষ বস্তি দশা থেকে মুক্তি পেলেও বস্তিতে বসবাসকারী মানুষের সংখ্যা এখনও বেড়ে চলছে। জাতিসংঘের আবাসন সংস্থা শুক্রবার এ কথা জানায়। নগরীগুলোর ওপর জাতিসংঘের এই দ্বিবার্ষিক প্রতিবেদনে বলা হয়, বস্তিতে বাস করা মানুষের সংখ্যা বৃদ্ধি এবং গ্রাম থেকে শহরে আসা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় আগের চেয়ে সাড়ে পাঁচ কোটি বেশি মানুষ এখন বস্তিতে বাস করছে। আগে বস্তিবাসীর সংখ্যা ছিল ৮২ কোটি ৭৬ লাখ। জাতিসংঘের বসতি কর্মসূচির নির্বাহী পরিচালক আনা তিবাইজুকা বলেন, "গত দশ বছরে অবস্থার উন্নতি হলেও একই সময়ে শহুরে দরিদ্র মানুষের সংখ্যা সাড়ে পাঁচ কোটি বেড়েছে।" ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে আগামী সপ্তাহে বিশ্ব বসতি ফোরামের পাঁচ দিন ব্যাপী সম্মেলন হচ্ছে। এখানে বিশ্বের নানা শহরের প্রতিনিধিরা অংশ গ্রহণ করবে। এসব শহরে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বাস করে। ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে ২২ কোটি ৭০ লাখ মানুষ বস্তি দশা থেকে মুক্তি পেয়েছে। তার মানে এসব দেশ তাদের সামষ্টিক অর্থনীতিতে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। রিপোর্টে বলা হয়, শহরগুলোতে প্রতি বছর ৬০ লাখ করে বস্তিবাসীর সংখ্যা বাড়বে এবং আগামী দশকে ২০২০ সালের মধ্যে বিশ্বের বস্তিবাসীর সংখ্যা দাঁড়াবে ৮৮ কোটি ৯০ লাখে। চীনের প্রবৃদ্ধি সহায়ক নীতি গত এক দশকে বহু বস্তিবাসীকে বস্তি দশা থেকে মুক্তি দিয়েছে। এদিক থেকে তৃতীয় স্থানে আছে ভারত। রিপোর্ট থেকে জানা যায়, এ দুটি দেশ মিলে ১২ কোটি ৫০ লাখ মানুষকে দারিদ্র্য দশা থেকে মুক্তি দিয়েছে। এদিকে, লাতিন আমেরিকায় শীর্ষস্থানে থাকা ব্রাজিল ১ ৪ লাখ মানুষকে অতি দারিদ্য দশা অর্থাৎ বস্তি দশা থেকে মুক্ত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭১০ঘ.