২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার জীবনাবসান

নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার জীবনাবসান ঘটেছে। বার্ধক্যজনিত রোগে তিনি শনিবার পরলোকগমন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 10:26 AM

Updated : 24 Aug 2022, 07:43 PM

কাঠমান্ডু, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার জীবনাবসান ঘটেছে। বার্ধক্যজনিত রোগে তিনি শনিবার পরলোকগমন করেন। বার্তা সংস্থা পিটিআই জানায়, নেপালি কংগ্রেস পার্টির ভাইস প্রেসিডেন্ট গোপাল মান শ্রেষ্ঠ জানান, সাবেক প্রধানমন্ত্রী কৈরালা তার কন্যা ও উপপ্রধানমন্ত্রী সুজাতা কৈরালার বাসভবনে শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেপালি কংগ্রেস পার্টির সভাপতি গিরিজা প্রসাদ কৈরালা নেপালে ৫ বার প্রধানমন্ত্রী হন। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাস ধরেই তার স্বাস্থ্য ভালো যাচ্ছিলো না। এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে কাঠমান্ডুতে গঙ্গা লাল হার্ট সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে গত বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে তিনি মেয়ে সুজাতার বাসভবনে ছিলেন। দলীয় সূত্রগুলো জানায়, সাবেক প্রধানমন্ত্রী ব্রঙ্কাইটিস, ফুসফুসের জটিলতা ও রক্তে হিমোগ্লোবিন স্বল্পতায় ভুগছিলেন। সুজাতার উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী চিরঞ্জীবি নেপাল এর আগে জানান, ডায়রিয়ায় সাবেক প্রধানমন্ত্রীর অবস্থার মারাত্মক অবনতি ঘটে। দলীয় সূত্রগুলো জানায়, দেহের বিভিন্ন অঙ্গ কার্যক্ষমতা হারিয়ে ফেলায় সাবেক প্রধানমন্ত্রী ইহলোক ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৬২০ঘ.