২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান গ্রেপ্তারে বন্ধ জাতিসংঘের গোপন যোগাযোগ

পাকিস্তানে ঊর্ধ্বতন আফগান তালেবান সদস্যরা গ্রেপ্তার হওয়ায় তালেবানদের সঙ্গে জাতিসংঘের যোগাযোগের গোপন চ্যানেল বন্ধ হয়ে গেছে। ফলে পাকিস্তানের এ গ্রেপ্তার অভিযানের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের সাবেক আফগান দূত কাই ঈদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 07:41 PM

লন্ডন, মার্চ ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানে ঊর্ধ্বতন আফগান তালেবান সদস্যরা গ্রেপ্তার হওয়ায় তালেবানদের সঙ্গে জাতিসংঘের যোগাযোগের গোপন চ্যানেল বন্ধ হয়ে গেছে। ফলে পাকিস্তানের এ গ্রেপ্তার অভিযানের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের সাবেক আফগান দূত কাই ঈদে। বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে ঈদে বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের যৌথ অভিযানে শীর্ষ তালেবান নেতারা ধরা পড়ার পর কয়েক সপ্তাহ আগে থেকেই যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঈদে এ মাসেই পদত্যাগ করেছেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে তিনি বলেন, তালেবানদের সঙ্গে প্রায় সব ধরনের যোগাযোগই বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবারে বিবিসি'র প্রকাশিত এ সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনায় এই গ্রেপ্তার অভিযানের প্রভাব নিশ্চিতভাবেই নেতিবাচক। তিনি আরও বলেন, ২০০৯ সালের বসন্তে তালেবানদের সাথে যোগাযোগ শুরু হয়। নির্বাচনের কারণে আগস্টে আলোচনা সাময়িকভাবে বন্ধ ছিল। ভোটের পর আলোচনা আবার শুরু হয়। তারপর পাকিস্তানের গ্রেপ্তারে এ প্রক্রিয়া আবার থেমে গেল। ঈদে জানিয়েছেন, তার দল শূরা নিয়ন্ত্রণকারী শীর্ষ তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, জানুয়ারিতে এরকম একটি বৈঠক দুবাইয়ে অনুষ্ঠিত হয়। পাকিস্তান এ আলোচনা প্রক্রিয়ার নিয়ন্ত্রকের ভূমিকায় থাকতে চাওয়ার কারণেই তালেবানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে চেয়েছে বলে মনে করেন কিনা জিজ্ঞেস করা হলে ঈদে বলেন, এ ব্যাপারে ব্যাখ্যাটা সঠিক হওয়া বাঞ্ছনীয়। তিনি বলেন, আফগান সংকট সমাধানে প্রয়োজনীয় রাজনৈতিক সংলাপ চালু করার জন্য পাকিস্তানের যে ভূমিকা পালন করা উচিত তা কি তারা করছে? না, পাকিস্তানের যে ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকা তারা পালন করছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৪৫ ঘ.