২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইহুদি বসতি নিয়ে শান্তি আলোচনার চার পক্ষের নিন্দা

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার চার পক্ষ শুক্রবার পূর্ব জেরুজালেমে ইসরায়েলের নতুন বাড়ি নির্মাণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 09:37 AM

Updated : 24 Aug 2022, 07:42 PM

মস্কো, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার চার পক্ষ শুক্রবার পূর্ব জেরুজালেমে ইসরায়েলের নতুন বাড়ি নির্মাণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে। এ নিয়ে ২য় বারের মতো ইসরায়েলি বসতিস্থাপনের নিন্দা জানাল চার পক্ষ। শান্তি আলোচনার চার পক্ষ যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাতিসংঘ ও ইইউ এক বিবৃতিতে বিরোধপূর্ণ পূর্ব জেরুজালেমে ইসরায়েলের ১৬০০ বাড়ি নির্মাণ পরিকল্পনার নিন্দা জানায়। তাছাড়া, গাজার মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তারা ইসরায়েলকে বসতিস্থাপন কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বলেছে। ২৪ মাসের মধ্যে গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা চালু করার জন্য সব পক্ষকে আহ্বানও জানানো হয় বিবৃতিতে। তবে তাদের এ আহ্বানে ইসরায়েল কতটুকু সাড়া দেবে তা নিশ্চিত করে বলতে পারেনি চার পক্ষ। কারণ, আগেও এ ধরনের আহ্বানে ইসরায়েল কর্ণপাত করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কেবল বলেছেন, বসতিস্থাপন ইস্যু নিয়ে তার উদ্বেগের জবাবে এক টেলিফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশাব্যঞ্জক সাড়া দিয়েছেন। তবে এ ব্যাপারে হিলারি বিস্তারিত কিছু বলেননি। চারপক্ষ মস্কোয় বৈঠকে বসার কয়েকঘন্টা আগেই গাজার ৬ টি লক্ষ্যস্থলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আগের দিন গাজা থেকে ফিলিস্তিনিদের রকেট হামলায় ইসরায়েলে একজন নিহতের ঘটনার জবাবে ইসরায়েল এ পাল্টা হামলা চালায়। মস্কো বৈঠকের বিবৃতিতে চারপক্ষ গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ সংকট সমাধানের ওপর জোর দিয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, মস্কো সফর শেষে গাজা পরিস্থিতি সচক্ষে দেখতে তিনি রোববার সেখানে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩০ ঘ.