২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার সফর বাতিলে হতাশ নই : ইন্দোনেশিয়া

শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাকার্তা ও বালি সফর স্থগিতের কারণ বুঝতে পেরেছে ইন্দোনেশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 09:12 AM

Updated : 24 Aug 2022, 07:42 PM

জাকার্তা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাকার্তা ও বালি সফর স্থগিতের কারণ বুঝতে পেরেছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর মুখপাত্র শুক্রবার একথা জানান। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ স্বাস্থ্যসেবা সংস্কার বিল পাস করানো নিয়ে শেষ দফা প্রচেষ্টা চালাতে ওবামা চলতি সপ্তাহে ওয়াশিংটনে অবস্থান করবেন বলে মনস্থ করেছেন। তাই তিনি বৃহস্পতিবার ইন্দোনেশিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের পরিকল্পণা আপাতত স্থগিত করেছেন। এ সফর আগামী জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। ইয়োধোইয়োনোর মুখপাত্র জুলিয়ান পাশা রয়টার্সকে বলেন, "ওবামার সফরকে সামনে রেখে আমরা বেশির ভাগ প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তবে তার মানে এই নয় যে আমরা এ স্থগিতের কারণে হতাশ।" তিনি বলেন, "প্রেসিডেন্ট ওবামার সফর স্থগিতের কারণ যুক্তরাষ্ট্রের জরুরি আভ্যন্তরীণ বিষয়। স্বাস্থ্য সংস্কারের ব্যাপারটি যুক্তরাষ্ট্রের একটি বড় বিষয় হয়ে উঠেছে।" মার্কিন প্রেসিডেন্টের বিদেশ সফর বাতিলের এ বিরল ঘটনা প্রমাণ করে ওবামা প্রশাসন অভ্যন্তরীণ বিষয় নিয়ে কতটা রাজনৈতিক চাপের মুখে আছে। ওবামা তার চলতি বছরের প্রথম বিদেশ সফরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মার্চ ২১-২৬ পর্যন্ত এ পরিকল্পনা করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪৫৫ঘ.