ব্যাংকক, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে 'লাল শার্ট' বিক্ষোভকারীরা বৃহস্পতিবার সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। নতুন নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকাল ব্যাংককের রাজপথে থাকবে তারা।
গ্রামীণ বিক্ষোভকারীরা এ আন্দোলন কতদূর এগিয়ে নিতে পারবে তা নিয়ে সংশয়ের মধ্যেও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যেতে সংকল্পবদ্ধ হয়েছে। ৪ দিনের আন্দোলনে বিক্ষোভকারীদের সংখ্যা এমনিতেই অনেকটা কমে এসেছে।
শুরুতে যেখানে দেড়লাখেরও বেশি বিক্ষোভকারী ছিল এখন তা কমে দাঁড়িয়েছে ১০ হাজারে।
'দ্য ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেইন্স্ট ডিকটেটরশিপ' (ইউডিডি) নতুন নির্বাচন দাবি করছে। তবে কয়েকদিনের আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে আসায় বিক্ষোভকারীরা আবার নতুন করে সমাবেশের জন্য রাজধানীসহ অন্যান্য প্রদেশে থেকে লোক সমাগম করতে জনগণকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা করছে।
এক ইউডিডি নেতা নাত্তাউত সাইকুয়া প্রতিবেদককে বলেছেন, এ সরকার অবৈধ বলে যারা আমাদের সাথে একমত তাদেরকে আন্দোলনে শামিল করতে ব্যাংকক জুড়ে ট্রাক ও মোটরসাইকেলে করে প্রচারে নামব আমরা।
বিডি নিউজটোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৩ ঘ.
bdnews24