ওয়াশিংটন, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে তালেবানের শক্ত ঘাঁটি কান্দাহার মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। মার্কিন কমান্ডাররা বুধবার জানান, ধীরে ধীরে কান্দাহারের নিয়ন্ত্রণ তাদের হাতে আসছে।
আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল বলেন, কান্দাহারে তালেবান জঙ্গিদের সঙ্গে যুদ্ধপরিস্থিতি ন্যাটো বাহিনীর অনুকুলে চলে এসেছে। আগামী দিনগুলোতে কান্দাহার পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত থাকবে।
টেলিকনফারেন্সে ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, কান্দাহার ও আশপাশ এলাকা বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। তিনি এব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
তিনি বলেন, কান্দাহারে নিরাপত্তা জোরদার করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগান পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। আশপাশের এলাকায় আরও সেনা মোতায়েন করা হচ্ছে।
তিনি বলেন, কান্দাহারের আশপাশ এলাকা নিয়ন্ত্রণে রাখতে হলে কান্দাহার শহরকে পুরোপুরি নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে হবে।
কান্দাহারকে আফগানিস্তানে তালেবানের উৎসস্থল হিসেবে গণ্য করা হয়। এলাকাটি আফগান জঙ্গিদের শক্ত ঘাঁটি।
কান্দাহার থেকে তালেবানকে হঠানোর জন্য মার্কিন বাহিনী সেখানে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৩০ঘ.
bdnews24