বেইজিং,১৭ মার্চ(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে ক্ষুদ্ধ চীন এখনও তাইপের সঙ্গে সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে আস্থাপূর্ণ সম্পর্ক গড়তে আলোচনা চায়।
চীনের এক মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন।
চীনের তাইওয়ান বিষয়ক মুখপত্র ইয়াং ই নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, "আমরা সঠিক সময়ে সামরিক এবং নিরাপত্তা বিষয়ে পারস্পরিক আস্থা গড়ার চেষ্টা নিতে রাজি।"
তিনি বলেন, এ প্রক্রিয়া ধাপে ধাপে এবং সঠিক ক্রমানুসারে হওয়া উচিত। প্রথম দিকে সহজ এবং পরবর্তীতে কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
উদাহরণ হিসেবে ইয়াং বলেন, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কিংবা এ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক আদানপ্রদানের মধ্য দিয়ে এ প্রচেষ্টা শুরু হতে পারে। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
১৯৪৯ সাল থেকে চীন তাইওয়ানের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। তাইওয়ান স্বাধীনতা ঘোষণার যে কোনও পদক্ষেপ সামরিক শক্তি প্রয়োগ করে ঠেকানোরও হুমকি দিচ্ছে চীন।
তবে ২০০৮ সালে তাইওয়ানে চীন-পন্থি প্রেসিডেন্ট মা ইং জেউ নির্বাচিত হওয়ার পর থেকে দুপক্ষের সম্পর্কে কিছুটা উন্নতি ঘটেছে। তবে সামরিক ক্ষেত্রে দুপক্ষে অবিশ্বাস রয়েই গেছে এবং রাজনৈতিক আলোচনায় কোনও অগ্রগতি হয়নি।
এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিলে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৪২ ঘ
bdnews24