কাবুল, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে উত্তরাঞ্চলের পার্বত্য রাস্তায় ছোট একটি ট্রাকে বনহ করা কয়েকটি গ্যাস ট্যাংক বিস্ফোরণে মঙ্গলবার কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।
এক প্রাদেশিক কর্মকর্তা একথা জানিয়েছেন।
কাবুলের সঙ্গে উত্তর আফগানিস্তানের দুর্গম পার্বত্য সংযোগ সড়ক সালং পার হওয়ার সময় গ্যাস ট্যাংগুলো বিস্ফোরিত হয়। এতে হতাহত হয় ট্রাকটির কাছেই থাকা একটি বাসের যাত্রীরা। কাবুল-সালং মহাসড়ক প্রধান জেনারেল মোহম্মদ রজব একথা জানান।
তিনি রয়টার্সকে বলেন, "নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। গ্যাস ট্যাঙ্ক বহনকারী ট্রাকটির কাছাকাছি থাকাতেই আগুনে পুড়ে এ মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে তারা।"
তিনি জানান, এ ঘটনায় কমপক্ষে আরও ৬ জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি প্রাইভেট কার আগুনে জ্বলে গেছে। তবে কী কারণে গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে, তার কোনও ইঙ্গিত মিলেনি।
গত মাসে তুষারপাতের কারণে এ রাস্তাতেই কমপক্ষে ১৭০ জন প্রাণ হারায় এবং আহত হয় আরও কয়েক শ' মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24