শিকাগো, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এ সপ্তাহে স্বীকার করবেন মার্কিন নাগরিক ডেভিড হেডলি। আদালতের নথিপত্র থেকে এ আভাস পাওয়া গেছে।
মুম্বাইয়ের ওই হামলায় ১৬০ জন নিহত হয়। হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন পাক-মার্কিন বংশোদ্ভুত ৪৯ বছর বয়সী হেডলি।
গত অক্টোবরে হেডলি গ্রেপ্তার হওয়ার পর তদন্তকারীদের ভালোভাবেই সহযোগিতা করছেন এবং তাকে কোনও মুচলেকা ছাড়াই আটক রাখা হয়েছে।
শিকাগোর জেলা আদালতে বৃহস্পতিবার বিকেলে এ মামলার শুনানি হবে।
হেডলির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কোন অভিযোগটি তিনি স্বীকার করবেন নথিপত্রে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তার আইনজীবীকে এ ব্যাপারে কোনও মন্তব্যের জন্য পাওয়া যায়নি।
হেডলি এর আগে তার বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে বোমা হামলার ষড়যন্ত্র করা এবং হামলাকারীদের সরঞ্জামাদি দিয়ে সাহায্য করার অভিযোগ অস্বীকার করেছিলেন। সেইসঙ্গে তিনি নবী মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন ছাপানো ডেনিশ পত্রিকা অফিসে হামলার ষড়যন্ত্রের অভিযোগও নাকচ করেন।
কৌসুলিরা বলছেন, হেডলি কয়েকবার ভারত এবং ডেনমার্কে ভ্রমণ করেছিলেন। এরপর তিনি পাকিস্তানের লস্কর ই তৈয়বা জঙ্গি দলের কাছে তথ্য পাচার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৪৫২ ঘ
bdnews24